ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক।।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি বিপর্যস্ত ব্রাজিল। দেশটিতে এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত হয়েছেন ২১ লাখ ২১ হাজার ৬৪৫ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৭৪৯ জন। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১ লাখ ২১ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। একইদিনে নতুন করে প্রাণ গেছে ৭১৮ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ২৫১ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই আক্রান্ত ও মৃত্যু এখন পর্যন্ত সবচেয়ে বেশি।

এদিকে করোনার ভয়াবহতা অস্বীকার করে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় বোলসোনারো সরকারকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যবিধি না মেনেই লকডাউনে শিথিলতা আনায় দেশজুড়ে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে। এমনকি বিশেষজ্ঞদের পরামর্শ তোয়াক্কা না করে সমালোচিত হয়েছেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো।

ব্রাজিলের এই প্রেসিডেন্ট প্রথম থেকেই সামাজিক দূরত্ব মেনে চলেননি এবং করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছেন। তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে আছেন।