দৌলতখানে অসহায় পরিবারের মাঝে নৌবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

দৌলতখান প্রতিনিধি।।
ভোলার দৌলতখানে কর্মহীন অসহায় ৯০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন নৌবাহিনী। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১ টায় দৌলতখান পৌরসভার ৯ নং ওয়ার্ডের সরকারি আবু আবদুল্লা কলেজ প্রাঙ্গনে এসব কর্মহীন অসহায় শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন ভোলার নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফয়সল বিন রশীদ।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, লবণ, তেল। এ সময় ভোলার নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফয়সল বিন রশীদ জানান, ‘ বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে ও নৌবাহিনীর সহযোগীতায় আমরা এসব খাদ্য সামগ্রী বিতরণ করছি।

তিনি আরও জানান, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমাদের নৌসদস্যরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তবে আমাদের ভবিষ্যতেও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন ভোলা নৌবাহিনীর সহকারী লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান, নৌ-সদস্য ও স্থানীয় সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।