চরফ্যাশনে ঘর চাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

আমির হোসেন, চরফ্যাশন।।
চরফ্যাশন উপজেলার দক্ষিন আইচা থানার চরমানিকা ইউনিয়নের চরকচ্ছিফা গ্রামে ঝড়ে ঘর চাপা পড়ে একই পরিবারের মা ও ২ ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামে। ঝড়ে নিহতরা হলেন- মৎসজীবি হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (২৯) ও তার দুই ছেলে জোনায়েদ (৭) এবং তানজিদ (৪)।

দক্ষিন আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ বলেন, মঙ্গলবার রাতে পরিবারের ২ সন্তান নিয়ে রিংকু বেগম ঘুমিয়ে পড়ে ছিলেন। এ সময় কচ্ছপিয়া এলাকায় আকস্মিক টর্নোডো ঝড়ে তাদের ঘরটি বিধ্বস্ত হয়। এতে ঘুমনো অবস্থায় ঘর চাপায় ঘটনাস্থলেই মা-ছেলেসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেছে।

তিনি আরো জানান, নিহতের পরিবারের সদস্যরা ঢালচর এলাকার বাসিন্দা ছিলেন। কিছুদিন পূর্বে চর কচ্চপিয়া গ্রামে তারা নতুন ঘর তুলেছেন। অসমাপ্ত নতুন ঘরের কাঠপালা মাথার উপরে পাটাতনের উপরে রাখা ছিল। ঝড়টি অত্যন্ত শক্তিশালি হওয়ায় উপরে রাখা কাঠের চাপা পড়ে নিহতরা। এছাড়াও ঝড়ে আশে-পাশে বেশ কিছু গাছপালা ভেঙ্গে যায়। নিহতদের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত জোরায়েদ ও তানজিদ স্থানীয় মাদ্রাসায় পড়ালেখা করতো। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান উপস্থিত হয়ে পরিবারকে ৫০হাজার টাকা অনুদান প্রদান করা হয়।