আলোর বসুন্ধরা

আলোর বসুন্ধরা
।।মাহফুজা রিনা।।

তুমি একগুচ্ছ শুভ্র শান্ত মেঘ,
এক সমুদ্র শিশির নিয়ে এসেছো।

তুমি এক পৃথিবী অপার্থিব আলোর ধরা,
তোমার স্নিগ্ধ আলোয় ভেজাতে এসেছো।

তুমি জ্ঞানের আলোয় সাজানো এক আলোর বসুন্ধরা,
এক ঝাঁক স্নিগ্ধ মিহি বাতাসে লুকোচুরি খেলছো।

তুমি একটা মস্ত মাধুরি মিশ্রিত সাজানো বাগান,
পায়ে হেঁটে এসেছো আমার আঙিনায়।

আমি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি,
দেখি তোমার কপালে শিশিরের মতো বিন্দু বিন্দু ঘাম।

মনে হয় তুমি মানুষ নও,
হয়তো দেবতা নয়তো… অন্যকিছু…

তোমারও কি আছে কোনো ডাক নাম?
যে নামে তোমায় ডাকা যায়।

তুমি কোনো তরুণীর যাপিত জীবন, ধ্যান, ঝর্নার জল,
বিশাল আকাশের ছায়ায় প্রশান্ত তরুতল।

তুমি আকাশ নীলের বিশালতা,
তুমি এলে স্বপ্নের বিভোরে কবিতা আসে,

তোমার অন্তরে যে প্রেম আছে,
নীল সন্ধ্যায় সে প্রেমে স্নিগ্ধ গন্ধ ঝরে চম্পা কামিনী বিন্যাসে।

দক্ষিণ আলেকান্দা, বরিশাল।
২২/৭/২০২০