প্রধানমন্ত্রীর সঙ্গে যে কথা হলো ইমরান খানের

অনলাইন ডেস্ক।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (২২ জুলাই) দুপুর ১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন ইমরান খান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

তিনি জানান, দুই নেতা তাদের ১৫ মিনিটের টেলিফোন আলাপে করোনা মহামারী এবং বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতির বিভিন্ন বিষয়ে কথা বলেন।

ইহসানুল করিম বলেন, কুশলাদি বিনিময়ের পর ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশে কোভিড-১৯ মহামারী পরিস্থিতি এবং সংকট মোকাবেলায় সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী করোনা মহামারী সংকট মোকাবেলা এবং চিকিৎসা ক্ষেত্রে সরকারের নেওয়া উদ্যোগের কথা বিস্তারিত তুলে ধরেন।

ইমরান খান বাংলাদেশের বন্যা পরিস্থিতি জানতে চাইলে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান বন্যার সার্বিক পরিস্থিতি এবং এটি মোকাবেলায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন।

ক্ষমতায় আসার পর গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথম টেলিফোনে আলাপ করেন ইমরান খান। সেই আলাপে তিনি বঙ্গবন্ধু কন্যার শারীরিক অবস্থা বিশেষ করে চোখের অবস্থার খোঁজখবর নেন। তবে সেই আলাপ ছিল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের ঠিক আগ মুহূর্তে।