ভারতে একদিনে শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে প্রায় প্রতিদিনই করোনাভাইরাস শনাক্তের রেকর্ড গড়ছে-ভাঙছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ৪৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ৭২০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জন। একইদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১২৯ জনের। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৬১ জন।

দেশটিতে আক্রান্তের হিসেবে রাজ্যগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫৭৬। এরপর রয়েছে তামিলনাড়ু। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৪৯ জন।

এদিকে দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে থাকায় বেশ কয়েকটি রাজ্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের লকডাউনের প্রথম ২৪ ঘণ্টায় রেকর্ড ২ হাজার ২৯১ জন রোগী শনাক্ত হয়েছে এবং ৩৯ জন মারা গেছেন।

তবে ভারতে আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হারও বেড়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছে ৭ লাখ ৮২ হাজার ৬০৭ জন। অর্থাৎ ৬৩ দশমিক ১৮ ভাগ মানুষ এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে। সূত্র-এনডিটিভি।