জনরোষের ভয়ে আতংকে আছে বিএনপি: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক।।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মানুষের দুর্যোগ ও কষ্টে পাশে না থেকে গণমাধ্যমে কথামালার ধারা বর্ষণ করে যাচ্ছে। বিএনপি এখন মানসিকভাবে বিপন্ন। তারা নিজেরাই জনরোষের ভয়ে আতংকে আছে। বিএনপি করোনা চালকের মতো বেপরোয়া হয়ে রাজনীতিতে বেপরোয়া আচরণ করছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর বনানীতে ফরেন এইডেড প্রজেক্ট ‘আরএইচডি’ ভবনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংসদ ভবনের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। অনুষ্ঠানে ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাইকার ঋণ সহায়তায় চলমান দুইটি প্যাকেজের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে আটটি সেতু ও দক্ষিণাঞ্চলে ১৩টি সেতু নির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করা হয়।

সেতুমন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২৫টি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলে চলমান ৩৫টি সেতুর নির্মাণ কাজের অগ্রগতি প্রায় ৮০ ভাগ।

জাইকাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাইকার ঋণসহায়তায় দেশের পূর্বাঞ্চলে মোট ১১৮টি নতুন সেতুসহ কাচপুর,মেঘনা ও গোমতী সেতুর নির্মাণ কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। মেট্রোরেল প্রকল্প রুট-৬ এর নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি ৪৭ ভাগ। স্বাস্থ্যবিধি প্রতিপালন করে মেট্রোরেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে।

এর আগে দুইটি প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেন জাইকার প্রতিনিধি এবং বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক আবদুস সবুর। এ সময় ভার্চুয়ালে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাইকো, জাইকার প্রধান প্রতিনিধি ইহো হায়াকাওয়া এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার হোসেন।