পাকিস্তানে সবজির মার্কেটে বিস্ফোরণ, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক।।

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের এক ব্যস্ত বাজারে বৃহস্পতিবার (২৩ জুলাই) গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষ ২০ জন জখম হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, ব্যস্ত বাজারের মধ্যে একটি গাড়িতে বোমাটি রাখা ছিল। বিস্ফোরণ ঘটার কয়েক মিনিটের মধ্যে নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আহতদের দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাইবার পাখতুনখওয়া প্রদেশের পরচিনা শহরের তুরি নামের এই বাজারটি সবজির বাজার হিসেবেই বেশি পরিচিত। খবর এনডিটিভির।

বিস্ফোরণের পর স্থানীয় মানুষ পরচিনার প্রেস ক্লাবে হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে, পুলিশ গিয়ে আশ্বস্ত করে অবরোধ তোলে।

এখন পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে, আধিবাসী অধ্যুষিত ওই অঞ্চলে শিয়া ও সুন্নিদের মধ্যে বিরোধ রয়েছে। যার জেরে মাঝে মধ্যেই সংঘর্ষ হয়।

গত জুনে পাকিস্তানের ‘সেনা শহর’ রাওয়ালপিন্ডির একটি ব্যস্ত মার্কেটে বিস্ফোরণের জেরে একজনের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ১৫ জন। রাওয়ালপিন্ডি শহরের সদর অঞ্চলে এই মার্কেটটি। ঘটনাস্থল থেকে সামান্য দূরত্বের মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর সাধারণ সদর দফতর।

এর আগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় বিস্ফোরণে সাত জনের মৃত্যু হয়। কোয়েটায় প্রেস ক্লাবের কাছে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় প্রেসক্লাবের কাছে একাধিক গাড়ি দাঁড় করানো ছিল। বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি নষ্ট হয়েছে। ঠিক কী ভাবে এই বিস্ফোরণ, তা এখনও পরিষ্কার নয়। ঘটনায় আহত আরও অন্তত ১৯ জন। গত বছরের ডিসেম্বরেও ভয়াবহ বিস্ফোরণ ঘটে ওই কোয়েটাতেই।