চার বছর ধরে মৃত মায়ের নামে বিধবা ভাতা খেয়েছেন ছেলে

এ.এফ.এম রিয়জ, বাউফল।।
পটুয়াখালীর বাউফলে মৃত্যু ব্যক্তিকে জীবিত দেখিয়ে বিধবা ভাতা উত্তোলনের মত অভিনব জালিয়াতির ঘটনা ঘটেছে। প্রায় চার বছর আগে মৃত্যুবরণ করা ওই নারীর নামে নিয়মিত বিধবা ভাতা উত্তোলন করেন তার ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে বাচ্চু চৌকিদার (৫০)। সে (বাচ্চু চৌকিদার) উপজেলার দাশপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ পদে কর্মরত আছেন।

জানা গেছে, বাউফল পৌরসভার (৭নং ওয়ার্ড) শেরেই বাংলা রোড এলাকার বাসিন্দা মৃত- ইউনুস মুন্সীর স্ত্রী ময়ফুল বেগম প্রায় চার বছর আগে মৃত্যু বরন করে।

ময়ফুল বেগমের নাম বাউফল উপজেলা সমাজসেবা কার্যালয়ে বিধবা ভাতা ভোগীদের তালিকায় ছিল। সে মারা যাওয়ার পরে সরকারি বিধি অনুযায়ী তার ভাতা উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু ভতা ভোগীর মৃত্যুর পরে অভিনব কৌশলে তাঁর ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে বাচ্চু চৌকিদার(৫০) তাকে অসুস্থ দেখিয়ে নমিনী হিসাবে নিয়মিত উত্তোলন করে আসছেন।

সর্বশেষ জুন মাসেও সোনালী ব্যাংকের বাউফল শাখা থেকে ভাতার টাকা উত্তোলন করেন। ব্যাংক একাউন্ট নং- ৪৩০৬১১০০১৫০৩৮, সমাজসেবা কার্যালয়ের তালিকা নং ১৯৩, পৌরঃ৭/৬৯, বিধবা-১১/১৫০৩।

অবৈধভাবে সরকারি অর্থ আত্মসাতের বিষয়ে জানতে চাইলে মো. শহিদুল ইসলাম বাচ্চু বলেন,‘আমার ভুল হইছে। আমারে মাফ করে দিন।’
এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার মো. মনিরুজ্জামান বলেন,‘ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে’।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেনের দৃষ্টি আর্কষণ করলে তিনি বলেন,‘ বিষয়টি আমার জানা ছিল না। আপনার (প্রতিবেদক) মাধ্যমে জেনেছি। অভিযোগ প্রমানিত হলে আইনাণুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।