ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে আইসিসি সুপার লিগ

স্পোর্টস ডেস্ক।।
ওয়ার্ল্ড ক্রিকেট সুপার লিগ চালুর কথা আগেই জানিয়েছে আইসিসি। ওই লিগ দিয়ে ২০২৩ বিশ্বকাপের দল বাছাই হবে। ভারত বিশ্বকাপে সেরা সাতটি দল অংশ নেবে সরাসরি। সঙ্গে থাকবে স্বাগতিক ভারত। বাকি দল নির্ধারণ হবে সুপার লিগ থেকে। ৩০ জুলাই সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ওই সুপার লিগ।

ওই প্রতিযোগিতায় ১৩ দল অংশ নেবে। যার মধ্যে ১২ দল আইসিসির পূর্ণ সদস্য। সহযোগি সদস্য দল নেদারল্যান্ডস। যারা ২০১৫-১৭ মৌসুমের ওয়ার্ল্ড ক্রিকেট সুপার লিগ জিতেছিল। সূচি অনুযায়ী, প্রত্যেক দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজে থাকবে অন্তত তিনটি করে ম্যাচ।

লিগের সেরা সাত দল সরাসরি ২০২৩ সালের ভারত বিশ্বকাপের টিকিট পাবে। ১৩ দেশের মধ্যে শেষ পাঁচটি দেশ ও সহযোগি দেশগুলো লড়বে বিশ্বকাপের বাকি দুই জায়গার জন্য। এক দিনের ক্রিকেটকে আকর্ষণীয় করতে এই লিগের গুরুত্ব দেখছে আইসিসি।

আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস জানিয়েছেন, ‘ওয়ানডে ক্রিকেটকে প্রাসঙ্গিক করে তুলবে এই লিগ। যা চলবে তিন বছর ধরে। ২০২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের মাপকাঠি হবে এটি। করোনা প্রাদুর্ভাব ২০২৩ বিশ্বকাপ পিছিয়ে দিয়েছে। ফলে আমরা সুপার লিগ সম্পন্ন করতে বেশি সময় পাচ্ছি। খেলার মাধ্যমে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকে ইতিবাচক বলতেই হবে।’

আগামী ৩০ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ার্ল্ড সুপার লিগের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড। ১ আগস্ট দ্বিতীয় এবং ৪ আগস্ট খেলবে সিরিজের শেষ ওয়ানডে। ওই ম্যাচ শেষ হতেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে ইংল্যান্ড। ৫ আগস্ট টেস্ট সিরিজ শুরু করে, টি-২০ দিয়ে আগামী ১ সেপ্টেম্বর সিরিজ শেষ করছে দু’দল।