দেশে আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯৬০

অনলাইন ডেস্ক।।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে বাংলাদেশে আরও ৩৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার জন। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৬০ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট করোনা পজিটিভ শনাক্ত হলেন দুই লাখ ২৯ হাজার ১৮৫ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮১টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৭০টি। নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৭১৪টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩১ শতাংশ।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৩১ জন, মোট সুস্থ হয়েছেন এক লাখ ২৭ হাজার ৪১৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে পুরুষ ২৬ জন আর নারী ৯ জন। হাসপাতালে মারা গেছেন ২৬ জন, বাড়িতে মারা গেছেন আট জন, আর হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন একজন। এখন পর্যন্ত পুরুষ মোট মারা গেছেন দুই হাজার ৩৫৮ জন, শতাংশের হিসেবে ৭৮ দশমিক ৬০ শতাংশ। আর নারী ৬৪২ জন, শতাংশের হিসেবে ২১ দশমিক ৪০ শতাংশ।

মারা যাওয়াদের মধ্যে বয়স বিভাজনে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিন জন আর ৮১ থেকে ৯০ বছরের মধ্যে মারা গেছেন চার জন।