কুয়াকাটা সৈকতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে টোয়াক

কুয়াকাটা প্রতিনিধি॥
ঈদুল আযহার ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের আকৃষ্ট করতে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর উদ্যোগে রবিবার (০২ আগস্ট) সকাল ১০টায় সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

এ সময় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, টোয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, টোয়াকের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদসহ টোয়াকের সদস্য বৃন্দ।

পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী অতিথিরা বলেন, সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা দেশ বিদেশের পর্যটকদের কাছে একটি পরিচিত নাম। বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষ ভ্রমণের জন্য কুয়াকাটাকে বেছে নিয়েছে। পর্যটকদের ভ্রমণ উপযোগী হিসেবে কুয়াকাটাকে গড়ে তুলতে আমাদেরই এগিয়ে আসতে হবে। কুয়াকাটা সৈকতকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব কর্তব্য। তাই এখানকার পর্যটনমুখী ব্যবসায়ীদের সচেতনতার লক্ষ্যে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এর আগে ঈদ পুর্ণমিলনী উপলক্ষ্যে টোয়াক সদস্যদের মাঝে টি শার্ট বিতরণ করা হয়।