হিজলায় নদীতে পড়ে পেয়ারা ব্যবসায়ী নিখোঁজ

রূপালী ডেস্ক।।
বজ্রপাতের সময় বরিশালের হিজলা উপজেলার নয়াভাঙ্গুলী নদীতে পড়ে শামীম মল্লিক (৩৪) নামে এক পেয়ারা ব্যবসায়ী নিঁখোজ হয়েছেন।

মঙ্গলবার (০৪ আগস্ট) সকালে গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষেরচর লঞ্চঘাট সংলগ্ন নয়াভাঙ্গুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শামীম মল্লিক ঝালকাঠি জেলার কাঁচাবালিয়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন হিজলা নৌ ফাঁড়ির পরিদর্শক শেখ বেল্লাল হোসেন।

তিনি জানান, ঝালকাঠি থেকে পেয়োরা নিয়ে ট্রলারে করে মুলাদী গিয়েছিলেন ৪ পেয়ারা ব্যবসায়ী। সোমবার রাতে সেখানেই ছিলেন তারা। তাদের সব পেয়ারা বিক্রি না হওয়ায় মুলাদী থেকে হিজলার উদ্দেশে রওয়ানা দেন তারা। পথে বজ্রসহ বৃষ্টি ও ঝড় শুরু হয়।

বজ্রপাতের সময় নদীতে পড়ে যান ওই ট্রলারের চালক ও পেয়ারা ব্যবসায়ী শামীম মল্লিক। বিষয়টি ৯৯৯ এ জানান শামীমের চাচাতো ভাই ছালেক মল্লিক। পরে ৯৯৯ থেকে স্থানীয় নৌ পুলিশকে জানানো হয়। নিখোঁজ শামীম মল্লিককে অনুসন্ধানে চেষ্টা চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ।