সামাজিক যোগাযোগ মাধ্যম ঘৃণার সংকট বাড়িয়ে দিচ্ছে: প্রিন্স হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক।।
ব্রিটেনের প্রিন্স হ্যারি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ঘৃণা প্রদর্শনের সংকট উস্কে দিচ্ছে। একইসঙ্গে তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে কোম্পানিগুলোকে তাদের ভূমিকা পুনর্বিবেচনা করারও আহ্বান জানিয়েছেন।

মার্কিন ব্যবসা-ভিত্তিক ম্যাগাজিন ‘ফাস্ট কোম্পানি’র মতামত অংশে বৃহস্পতিবার ‘সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের বিভাজিত করছে এবং একে আমরা নতুনভাবে সাজাতে পারি’ শিরোনামে একটি কলাম লিখেছেন হ্যারি। বিষয়টি নিয়ে তিনি এবং তার স্ত্রী মেগান কয়েক সপ্তাহ ধরে ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিপণন কর্মকর্তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করছেন। খবর রয়টার্সের

হ্যারি লিখেছেন, ‘ঘৃণার সংকট, স্বাস্থ্যগত সংকট ও সত্যের সংকটময় পরিস্থিতি তৈরি এবং এগুলোকে উস্কে দিতে ভূমিকা রাখা অনলাইন প্ল্যাটফর্মকে তহবিল যোগান বা সহায়তা করার ক্ষেত্রে বড় প্রতিষ্ঠানের ভূমিকা পুনর্বিবেচনার সুযোগ এসেছে।’

রানী এলিজাবেথের নাতি হ্যারি অনলাইন কমিউনিটিকে ঘৃণা ছড়ানোর বদলে অনেক বেশি সহানুভূতিশীল, ভুল তথ্য ছড়ানোর বদলে সঠিক সত্য প্রচার, আতংক হিসেবে আবির্ভুত হওয়ার বদলে সাম্যবাদী ও অংশগ্রহণমূলক এবং অস্ত্রের ভয়ে ভীত না হয়ে মুক্তভাবে কথা বলা কমিউনিটি হিসেবে নিজেদের পরিচয় তৈরির আহ্বান জানান।

হ্যারি ও মেগান গত মার্চে রাজকীয় উপাধি ও দায়িত্ব ত্যাগের ঘোষণা দেন। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। গণমাধ্যমের সঙ্গে তিক্ততা বাড়ার পর তারা যুক্তরাজ্যের বাইরে চলে যান।

গত মাসে এক বক্তৃতায় মেগান কিশোরী ও তরুণীদের উদ্দেশ্যে অনলাইনে ইতিবাচক-নেতিবাচক চ্যাটিং প্রসঙ্গে বক্তব্য দেন।

হ্যারি তার লেখায় কোম্পানিগুলোকে তাদের বিজ্ঞাপনের অর্থ ‘ঘৃণা ও বিভাজন তৈরির স্বর্গে’ পরিণত হওয়া অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পরিবর্তন আনার দাবি জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।