জম্মু ও কাশ্মীরে লস্কর ই তৈয়বার ৬ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের জম্মু ও কাশ্মীরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্ৰুপ (এসওজি) পাঁচজনকে গ্রেপ্তার করে। এর আগে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-তৌকির আহমেদ ভাট, আসিফ ভাট, খালিদ লতিফ ভাট, গাজী ইকবাল ও তারিক হুসেন মীর। খবর ইন্ডিয়া ন্যারেটিভের

তারা পাকিস্তান সমর্থিত লস্কর-ই-তৈয়বার হয়ে কাজ করত বলে জানা গেছে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস তহবিল মামলার তদন্তে এই অভিযান চালানো হয়।

জম্মু ও কাশ্মীর পুলিশ জানায়, জম্মুতে সন্ত্রাস অর্থায়নকারী নেটওয়ার্ক লস্কর-ই-তৈয়বাকে সহায়তা করছে বলে খবর পাওয়া যায়। গত ১৯ জুলাই জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্ৰুপ জম্মুর মুদাসির ফারুক ভাটকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বয়ানের ভিত্তিতে ওই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) মুকেশ সিং জানান, স্বাধীনতা দিবসের আগে জম্মু ও কাশ্মীরে এটি বড় সাফল্য। সন্ত্রাসবাদে অর্থ জোগানো একটি চক্রের পর্দা ফাঁস করেছে নিরাপত্তাবাহিনী।

জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্ৰুপ তাদের কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা উদ্ধার করেছে। তারা সন্ত্রাস-সংক্রান্ত কিছু কর্মকাণ্ডের জন্য অমৃতসরের আটারি সীমান্ত থেকে এই পরিমাণ টাকা সংগ্ৰহ করে বলেও জানা যায়। বিষয়টির তদন্ত করা হচ্ছে বলে জানান মুকেশ।

তিনি আরও জানান, ৫ ও ১৫ আগস্টে তারা কোনো পরিকল্পনা করছিল কিনা সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই আমাদের কাছে। তবে তারা পুনরায় সন্ত্রাস ছড়ানোর জন্য ভবিষ্যতে আরও বড়ো কোনো পরিকল্পনা করার চেষ্টায় ছিল।