মঠবাড়িয়ায় ট্রিপল মার্ডার হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীর আদালতে স্বীকারোক্তি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর অটো চালক আয়নাল হক (৩৫), তার স্ত্রী খুকু মনি (২৫) ও তাদের ৩ বছরের একমাত্র শিশু কন্যা আশফিয়া হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ঘাতক অলি বিশ্বাস (৩৮)কে রিমান্ড শেষে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আল-ফয়সাল এর আদালতে হাজির করলে এ ট্রিপল মার্ডারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ ছাড়াও ঘাতক অলির সহযোগী রাকিব বেপারী (২০) গত রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ সময় আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এস আই বশির এ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী আসামী অলি বিস্বাস এর ৭ দিনের রিমান্ড চাইলে আদলত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।

গ্রেফতারকৃত ঘাতক অলি উপজেলার ধানীসাফা গ্রামের মৃত্য তুজাম্বর আলীর বিশ্বাসের ছেলে ও ঘাতক রাকিব বেপারী একই গ্রামের কাওসার বেপারীর ছেলে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ,জ,মো. মাসুদুজ্জামান মিলু জানান, চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী অলি বিশ্বাস এর সহোযোগী রাকিব বেপারী রোববার আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। রিমান্ডে থাকা অলি বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে হাজির করলে মূল পরিকল্পনাকারী ঘাতক অলি বিস্বাস স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

উলেখ্য,গত শুক্রবার (৩১জুলাই) সকালে উপজেলার ধানীসাফা গ্রামের একটি বসত ঘর থেকে হাত বাধাঁ অবস্থায় জুলন্ত অটো চালক আয়নাল তার স্ত্রী খুকু মনি ও তাদের একমাত্র কন্যা শিশু আশফিয়ার লাশ উদ্ধার করে থানা পুলিশ।