ভারতের বাসে আগুন লেগে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের কর্নাটকে বাসে আগুন লেগে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত ৩৭ জন।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজ্যের চিত্রাদুর্গা জেলার হিরিয়ুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি। এছাড়া ‘কুকে শ্রী ট্রাভেলস’ এর ওই বাসটিতে কীভাবে আগুন লাগল তার কারণও জানায়নি এএনআই।

আহতদের হিরিয়ুর ও চিত্রাদুর্গা জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে উল্লেখ করা হয়।

সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৩২ জন যাত্রী নিয়ে বিজয়পুরা থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল বাসটি। চিত্রদুর্গ জেলার হিরিয়ুর তালুকের কেআর হাল্লি এলাকায় ৪ নং জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আর বেরতে পারেননি অনেকেই। আগুন লাগার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। মৃতদের মধ্যে একজন নারী এবং দুইজন শিশুও রয়েছে।

এই দুর্ঘটনার পর ভারতের কর্ণাটকের হিড়িয়ুরের পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনীও ঘটনাস্থলে যায়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।