কলাপাড়ায় ২৪ ঘন্টা পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীর মোহনা সংলগ্ন আশাখালী পয়েন্টে ট্রলারের পাখায় দড়ি পেঁচিয়ে নদীতে ডুবে নিখোঁজ জেলে শাওন শেখ (১৭) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর শুক্রবার (১৪ আগস্ট) সকালে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত শাওন ফরিদপুরের জেলার সালথা উপজেলার মীরকান্দি গ্রামের ৯ নং ওয়ার্ডের জাফর শেখের ছেলে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় ধুলাসার ইউনিয়নের জাকির বিশ্বাসের ট্রলারে জেলে শাওন রাবনাবাদ মোহনার আশাখালী পয়েন্টের দক্ষিণ পাড়ে ট্রলারটির নোঙর ছুটে যায়। এ সময় শাওন নদীতে নেমে দড়ি টেনে নিজেদের ট্রলারটিকে পাড়ে আনার চেষ্টা করছিলো।

এ সময় ইলিশ বোঝাই অপর একটি ট্রলার ওই স্থান থেকে দ্রুত চালিয়ে যাচ্ছিল। এ ট্রলারটির পাখার সাথে জাকির বিশ্বাসের ট্রলারের দড়ি আটকে যায়। শাওন ওই দড়ির সাথে পেঁচিয়ে ডুবে নিখোঁজ হয়। শুক্রবার সকালে তার লাশ ভেসে ওঠে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, উদ্ধারকৃত জেলে শাওনের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।