ভুঁড়িই বাঁচাল প্রাণ!

আন্তর্জাতিক ডেস্ক।।
পেটের ভুঁড়ি কমাতে অনেকে কত কিছুই না করেন। খাদ্যাভাস থেকে শুরু করে ব্যায়ামের মাধ্যমে পেটের মেদ কমানোর চেষ্টা করেন। কিন্তু এই ভুঁড়িও যে কারও কারও জন্য উপকারী হয়ে উঠে এমন উদাহরণ কমই আছে। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে চীনের হেনান প্রদেশে। খবর সংবাদ প্রতিদিন, নিউজ এইট্টিনের

হেনান প্রদেশে লিউইয়াং শহরের বাসিন্দা লিউের বাড়িতে নিত্য ব্যবহারের জন্য একটি কুয়া আছে। প্রতিদিনের মতো ঘটনার দিনও কুয়ার মুখটি একটি ঢাকনা দিয়ে ঢাকা ছিল। কিন্তু সেদিন অসাবধানবশত ২৮ বছর বয়সী লিউ কুয়ার ঢাকনার ওপর পা দিতেই তা ভেঙে যায়। আর লিউও পড়ে যান কুয়ার মধ্যে। কিন্তু লিউয়ের শরীরের নিচের অংশ কুয়াতে পড়লেও সৌভাগ্যক্রমে ভুঁড়ি বরাবর এসে দেহ কুয়ায় আটকে যায়। কুয়ার মুখে যে গোলাকার এলাকা, তার থেকে লিউয়ের ভুঁড়ির মাপ বেশি হওয়ায় কুয়ার ভিতরে পুরোপুরি পড়া থেকে বেঁচে যান লিউ। অর্ধেক কুয়ার ভিতরে আর অর্ধেক বাইরে হয়ে আটকে থাকেন তিনি।

পরে ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কোমরে দড়ি বেঁধে লিউকে টেনে তোলেন ওপরে। শেষ খবর অনুয়ায়ী, লিউ সুস্থ আছেন। শরীরের কোথাও আঘাত লাগেনি তার। শুধু কোমরে সামান্য ব্যথা পেয়েছেন।

এদিকে গত সপ্তাহে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন স্থানীয় এক ফায়ার সার্ভিস কর্মী। এতে দেখা গেছে, খালি গায়ে একজন মোটা লোক একটি কুয়ার মধ্যে আটকে রয়েছেন। আর তার কোমরে দড়ি বেঁধে তাকে সেখান থেকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওটি দেখে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশংসার পাশাপাশি প্রাণ বাঁচাতে লিউয়ের ভুঁড়ির অবদানের কথাও উল্লেখ করেছেন অনেকে।