দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৭৫ বছর আজ

আন্তর্জাতিক ডেস্ক।।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের ৭৫ বছর পূর্ণ করলো জাপান। এই দিনটি ‘ভিক্টোরি ওভার জাপান ডে’ বা ‘ভিজে ডে’ নামে পরিচিত। যুদ্ধকালীন সময়ে জাপানের কর্মকাণ্ডের জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেছেন দেশটির সম্রাট নারুহিতো।

দিবসটি উপলক্ষে টোকিওর বিতর্কিত ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা জানায় দেশটির হাজারো নারী-পুরুষ। করোনাভাইরাসের কারণে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন সম্রাট নারুহিতো। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্মান্তিক ওই ঘটনা আর কখনোই ঘটবে না বলে আশা করছি আমি।

দিবসটি উপলক্ষে টোকিওর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। তবে শেখানে সশরীরে উপস্থিত হননি তিনি। কারণ সেখানে তার উপস্থিতিতে চীন ও দক্ষিণ কোরিয়ার ক্ষুব্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তবে জাপানের মন্ত্রিপরিষদের ৪ জন মন্ত্রী সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১২ হাজার বন্দিসহ ব্রিটিশ ও কমনওয়েলথের প্রায় ৭১ হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন। এছাড়া জাপানের প্রায় ২৫ লাখ মানুষেরও মৃত্যু হয়েছিলো বলে ধারণা করা হয়।

জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়েই সমাপ্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট জাপানের সম্রাট হিরোহিতো লড়াই শেষ করার ঘোষণা দেন। হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরই লড়াই শেষ হয় জাপানে। একই বছরের ২ সেপ্টেম্বর দেশটি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এরপর থেকে ১৫ আগস্ট ভিক্টোরি ওভার জাপান ডে হিসেবে পরিচিত। সূত্র-আল জাজিরা।