যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ১ লাখ ৭০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, সোমবার (১৭ আগস্ট) বেলা ১টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৫২ জনে।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৪ লাখ ৩ হাজার ৩৬১ জন।

ফ্লোরিডা, টেক্সাস ও লুইজিয়ানায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। অধিকাংশ রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও হাওয়াই, সাউথ ডাকোটা ও ইলিনয়ে বাড়ছে।

শরৎকাল চলে আসায় ফ্লু’র এ সময়টিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তারা।

সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোলের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন, জনগণ যদি স্বাস্থ্য বিষয়ক গাইডলাইন মেনে না চলে তাহলে যুক্তরাষ্ট্র সম্ভবত ‘সবচেয়ে খারাপ শরৎকাল’ কাটাবে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৫ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা বেড়ে পৌনে ৮ লাখের কাছাকাছি দাঁড়িয়েছে।