বাউফলে নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

এ.এফ.এফ. রিয়াজ, বাউফল (পটুয়াখালী)।।
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের আলোকি নদীতে রায়হান (১১) নামে এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর সোমবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের চাঁদকাঠী খালে ভাসতে দেখে এ লাশ উদ্ধার করে স্বজনরা।

নিহত রায়হান উপজেলার কেশবপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের হারুন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শিশু রায়হান ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়ি কেশবপুর আসে। শুক্রবার পাশের ইউনিয়ন ধুলিয়ার আলোকি চাঁদকাঠী গ্রামে সে খালু মোজাম্মেল হকের বাড়ি বেড়াতে যায়। শনিবার বিকেলে সঙ্গীদের নিয়ে খেলা শেষে আলোকি নদীতে পা ধুতে গিয়ে ডুবে যায় সে। পরে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে খবর দেওয়া হয়। এরপর বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধ্যায় ঘটনাস্থল এসে রবিবার বিকেল পর্যন্ত তল্লাশি চালিয়েও শিশু রায়হানের কোনো খোঁজ না পেয়ে উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।