মুহূর্তেই শরীরের এনার্জি বাড়ানোর ম্যাজিক পানীয়

লাইফস্টাইল ডেস্ক।।
একে তো গ্রীষ্মকাল তারপর আবার করোনার তাণ্ডব। সব মিলিয়ে যেন অস্থির এক সময় কাটাচ্ছে জনজীবন। এসময় শরীর সুস্থ রাখাটাই যেন সবচেয়ে বড় এক চ্যালেঞ্জ। জানেন কি? মুহূর্তেই শরীরের ইলেক্টোলাইটের ভারসাম্য বজায় রাখতে শক্তিবর্ধক পানীয়ের তুলনা নেই। এ ধরনের পানীয় উদ্দীপনা বাড়াতেও ভূমিকা রাখে।

অনেকেই বাজারে পাওয়া নানা ধরনের শক্তি বর্ধক পানীয় বা এনার্জি ডিঙ্ক পান করেন। তবে এতে অনেক ধরনের রাসায়নিক, ক্যাফেইন এবং চিনি ব্যবহার করা হয়। প্রাকৃতিকভাবে শক্তি বাড়াতে চাইলে শক্তিবর্ধক পানীয় বাড়িতেও তৈরি করতে পারেন। যেমন-

>> ক্যাফেইন ও চিনি ছাড়া শক্তিবর্ধক পানীয় গ্রহণ করতে চাইলে আদা আর দারুচিনির তৈরি পানীয় খেতে পারেন। এজন্য এক গ্লাস হালকা গরম পানিতে দুই টুকরো আদা নিয়ে তাতে চামচের এক চতুর্থাংশ দারুচিনির গুঁড়া, সম পরিমাণে হলুদের গুঁড়া, এক থেকে দুই চামচ মধু মিশিয়ে নিন। আদা বিপাকক্রিয়া বাড়িয়ে হজমে সহায়তা করে। অন্যদিকে হলুদ শক্তি বাড়ায়। এছাড়া দারুচিনি শক্তি বাড়ানোর সঙ্গে সঙ্গে রক্ত সরবরাহ উন্নত করে।

>> ক্লান্তি ও অবসাদ দূর করতে, পানিশূন্যতা প্রতিরোধে এবং শক্তির উৎস হিসেবে কচি ডাবের পানি ভীষণ জনপ্রিয়। ব্যায়াম করার পর এক গ্লাস ডাবের পানি খেলে শরীরের শক্তি পুনরুদ্ধারে সহায়তা করে।

>> কলা ও শাকসবজির স্মুদিতে পর্যাপ্ত প্রোটিন থাকে। এটি শরীরে ইলেক্ট্রোলাইট সরবরাহ ঠিক রাখে। এজন্য ব্লেন্ডারে একটি পাকা কলা, দুই টেবিল চামচ বাদামের বাটার অথবা আধা কাপ কাজুবাদাম, দুইটি পাতা কপি বা পালং শাক, আধা কাপ টক দই, এক কাপ ফ্যাটবিহীন দুধ, আধা চামচ ফ্ল্যাক্স নিয়ে ব্লেন্ড করুন। ঘন না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। মিশ্রণটি তৈরি হলে তাৎক্ষণিকভাবে পান করুন। এতে শরীরের শক্তি বাড়বে।

>> ডাবের পানি দিয়ে তৈরি ঠান্ডা চা শরীরে তাৎক্ষণিক শক্তি বাড়ায়। সবসময় যে ক্যাফেইন জাতীয় পানীয় গ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই। অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত ডাবের পানির সঙ্গে বিভিন্ন উপাদান মিশিয়েও শক্তিবর্ধক পানীয় তৈরি করা যায়। এজন্য একটি জগে এক কাপ ডাবের পানির সঙ্গে এক কাপ গ্রিন টি, এক চামচ মধু, সামান্য লবণ, শসা যোগ করতে পারেন। এই পানীয় শরীরে তাৎক্ষণিককভাবে শক্তি জোগাবে।

সূত্র-টাইমস অব ইন্ডিয়া।