ইসরায়েল কখনো পাকিস্তানের স্বীকৃতি পাবে না: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক।।
ইসরায়েলের ব্যাপারে পাকিস্তানের নীতির মধ্যে কোনো অস্পষ্টতা নেই। তারা ইসরায়েলকে কখনো বৈধ রাষ্ট্র মনে করে না। তাই ইসরায়েলকে পাকিস্তানের কখনো স্বীকৃতি দেয়া হবে না। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও ইসরাযেলের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে, তাকে ফিলিস্তিনি জাতি ও মুসলিম উম্মাহর সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করে এমন কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। খবর পার্সটুডে’র

‘দুনিয়া নিউজ’ নামে একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলি জিন্নাহর নির্দেশ অনুযায়ী আমাদের নীতি নির্ধারিত হয়েছে। জিন্নাহ ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন জানাতে বলে গেছেন।’ সাক্ষাৎকারে তিনি পশ্চিম এশিয়া ও ফিলিস্তিন পরিস্থিতি সম্পর্কে ইসলামাবাদের দৃষ্টিভঙ্গিও ব্যাখ্যা করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনে রাজি হয়। এ নিয়ে একটি চুক্তিও হয় দু’দেশের মধ্যে। চুক্তিতে দখলকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের বিষয়টা আপাতত স্থগিত রাখতে সম্মত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। তবে চুক্তির পরে এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পরিকল্পনা আপাতত স্থগিত হয়েছে। কিন্তু এ নিয়ে আলাপ-আলোচনা বন্ধ হবে না।

আরব আমিরাত ও ইসরায়েলি কর্মকর্তারা শিগগিরই হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আনুষ্ঠানিক চুক্তিতে সই করবেন বলে ঘোষণা করা হয়েছে।

এদিকে ইরান ও তুরস্কসহ বিভিন্ন মুসলিম দেশ আরব আমিরাতের এই চুক্তিকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করে।