‘একটা ওয়েব সিরিজ আমার চারপাশ বদলে দিয়েছে’

বিনোদন ডেস্ক।।
অভিনয়ে মাত্র ছয় বছরের ক্যারিয়ার। এই ছয় বছরে কাজ দিয়ে খুব একটা আলোচনায় যে আসতে পেরেছেন তা কিন্তু নয়। তবে আলোচনায় না এলেও কাজে প্রায় নিয়মিতই থেকেছেন পর্দায়। বলা যায় ম্যারাথন গতিতেই এগোচ্ছিলেন তাসনুভা তিশা। লেগে থাকলে সুফল পাওয়া যায়। তাসনুভা তিশার অবশ্য বেশিদিন অপেক্ষা করতে হলো না। কাজ করতে করতে হুট করেই এলেন আলোচনায়। শিহাব শাহীনের ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’। এ সিরিজটির মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন তার অভিনয়ের দক্ষতা। দেখিয়েছেন তার ক্যারিশমা।

সিরিজটি নির্মিত হয়েছে ২০১৩ সালে এক তরুণীর হাতে তার পুলিশ কর্মকর্তা বাবা ও মায়ের হত্যাকাণ্ডের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিরিজে ওই তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। বাস্তবের ঐশী চরিত্রটির নাম এখানে তুশি। তুশি হয়েই তাসনুভা নিজেকে মেলে ধরেছিলেন। ফল প্রশংসা আর প্রশংসা। তবে প্রশংসা থাকলেও অশ্নীল দৃশ্যে অভিনয়ের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তবে তিশার মন্তব্য হলো, অভিনয়টা করেছি আমি। যার ফলও পেয়েছি। সবাই প্রশংসা করেছে। এই ছয় বছরের ক্যারিয়ারে এত প্রশংসা কখনও পাইনি। কাজ করলে ইতিবাচক ও নেতিবাচিক দুই ধরনের মন্তব্যই আসবে। সেখান থেকে ভালো কিছু গ্রহণ করে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ- বলছিলেন তিশা। এদিকে ওই ওয়েব সিরিজটির কারণে ক্যারিয়ার অন্যদিকে মোড় নিয়েছে তিশার।

তার বয়ানে, আগে ক্যারিয়ারের ট্রাম্পকার্ড কোন কাজটি সেটা জানতে চাইলে ভাবতে হতো অনেক সময়। এখন চোখ বন্ধ করেই বলে দিতে পারি, ১৪ আগস্ট। বিশ্বাস করেন একটা ওয়েব সিরিজ আমার চারপাশ পুরো বদলে দিয়েছে। আগে প্রথম সারির দুই-তিনজনকে না পেলে পরিচালকেরা আমাকে নক করতেন তাদের নাটকে অভিনয়ের জন্য। জানতে চাইতেন, আমার ডেট আছে কিনা। এখন সেই পরিচালকরা আগে আমার ডেট লক করছেন, পরে অন্যান্য অভিনয়শিল্পীর। একটা সময় আমি অ্যাভারেজ অভিনেত্রী ছিলাম পরিচালকদের কাছে।

এখন যেন আমিই কাঙ্ক্ষিত অভিনেত্রী। তিশার দুনিয়ায় তাই এখন অন্য রকম আনন্দ ঢেউ খেলছে। তবে আনন্দে গা ভাসিয়ে দিতে চান না তিনি। দর্শকদের কাছে এবার নতুনভাবে মেলে ধরার চেষ্টা নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন। যে পরিকল্পনায় থাকছে ভালো কাজের প্রাধান্য।

তাসনুভা তিশার সিনেমায় অভিনয়ের ভীষণ আগ্রহ রয়েছে। ভালো গল্প এবং গুণী নির্মাতার নির্দেশনায় কাজ করার সুযোগ পেলে অভিনয় করবেন বলেও জানালেন। ইতোমধ্যে সিনেমাতেও অভিষেক হয়েছে তার। ‘চল যাই’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। তবে নিতান্তই সাদামাটা চরিত্রে। এবার সিনেমার মুখ্য চরিত্র হয়ে উঠতে চান এ অভিনেত্রী। অভিনয়ে উজাড় করে দিতে চান নিজের পুরোটা। সামনের কাজ সম্পর্কে তিনি জানান, সবার আগে পছন্দ হওয়া চাই গল্প। একটা ওয়েব সিরিজ যার সবকিছু বদলে দিল, তার তো এখন সেরা গল্পের জন্য অপেক্ষা করতেই হবে। এমনটাই মনে করেন তাসনুভা তিশা।