ভান্ডারিয়ায় নদীর পানি বিপদসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কচাঁ ও পোনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) নদীর পানি বেড়ে যাওয়ায় ভান্ডারিয়া পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন ওইসব এলাকার মানুষ ও গবাদি পশু। ফসলি জমি, পুকুর তলিয়ে গিয়ে হাজার হাজার টাকার মাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে রাস্তাঘাট ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে উজান থেকে নেমে আসা জলরাশিতে নদীবেষ্টিত উপজেলার ঘেসাঁ কচাঁ ও পোনা নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

এতে করে ভান্ডারিয়া পৌর শহর এলাকা সহ উপজেলার তেলিখালী, চরখালী-নদমুলা-শিয়ালকাঠী, ইকড়ি, ভিটাবাড়ীয়া ইউনিয়ন ও লক্ষীপুরা গ্রাম এলাকার নিচু এলাকার হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে এলাকাবাসী। তবে, নদী তীরবর্তী বসবাসকারী মানুষের মাঝে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগি এলাকাবাসী এসব এলাকায় আরো টেকসই বেড়িবাধের দাবী জানিয়েছেন। নদমূলা-চরখালী এলাকার ইউপি সদস্য মনির হোসেন জানান, নদীর পানির বেড়ে যাওয়ায় তার গ্রামের মানুষ নির্ঘুম রাতা কাটাচ্ছেন।