ভ্যাকসিন উৎপাদনে ভারতকে অংশীদার করতে চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতকে অংশীদার করে করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুতনিক পাঁচ উৎপাদনে যেতে চায় রাশিয়া।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান নির্বাহী কাইরিল দিমিত্রিভ বৃহস্পতিবার (২০ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

সম্প্রতি বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। করোনার বিরুদ্ধে ‘কার্যকর’ এই ভ্যাকসিন ‘ইমিউনিটি’ বাড়াতে সক্ষম বলেও বলা হচ্ছে।

আরডিআইএফকে সঙ্গে নিয়ে গ্যামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডিমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি আবিষ্কার করেছে স্পুতনিক পাঁচ। অবশ্য এই ভ্যাকসিনের এখনও তৃতীয় পর্যায়ের পরীক্ষা কিংবা বড় পরিসরে ক্লিনিক্যাল ট্রায়ালে যায়নি।

অনলাইন সংবাদ সম্মেলনে কাইরিল দিমিত্রিভ বলেন, লাতিন আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশই ভ্যাকসিন উৎপাদনে যেতে চাচ্ছে। এটি উৎপাদনে যাওয়া একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা ভারতের অংশীদারিত্বে যেতে চাচ্ছি।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ভারত এই টিকা উৎপাদনে যেতে সক্ষম। এটা খুবই গুরুত্বপূর্ণ যে, অংশীদারিত্বের ভিত্তিতে এই উৎপাদনে গেলে আমাদের যে চাহিদা তা পূরণ হবে।

রাশিয়া ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে আরও সহায়তা কামনা করছে বলেও জানান দিমিত্রিভ।