মুসলিমদের মধ্যে অপরাধপ্রবণতা বেশি:  দিলীপ ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক।।
বিতর্কিত মন্তব্যের কারণে বরাবরই আলোচনায় থাকেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আবারও বেফাঁস মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি। তিনি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে মুসলিমরা শিক্ষায়, সামাজিকতায়, চেতনায় পিছিয়ে, তাই তাদের মধ্যে অপরাধপ্রবণতা বেশি’।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার রাজ্য বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আসেন দিলীপ ঘোষ। সেখানে তিনি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। সেই সময় তৃণমূল সরকারের বিরুদ্ধে মুসলিমদের তোষামোদির অভিযোগ করেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, ‘তোষামোদি করে কারও ভাল হয় না। শুধু যে রাজনৈতিক দল তোষামোদি করছে তাদেরই উপকার হয়।’

এরপর নিজেই প্রশ্ন তুলে বলেন, ‘বাংলায় সিপিএম ও তৃণমূলরা ৪৪ বছর ধরে মুসলিমদের তোষামোদি করে চলেছে। এরপরও তারা এত পিছিয়ে কেন? কেন তাদের কোনো উন্নতি হলো না? শিক্ষায়, সামাজিকতায়, চেতনায় সবকিছুতেই মুসলিমরা পিছিয়ে। তাই তাদের মধ্যে অপরাধপ্রবণতা সবচেয়ে বেশি।’

এর আগে গোমূত্র নিয়ে কথা বলে আলোচনায় আসেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, আমরা গরুর দুধ এবং মূত্র পান করি বলেই সুস্থ থাকি। শুধু তাই নয়, সুস্থ থাকার জন্য গোমূত্র শরীরের ইমিউনিটি বৃদ্ধি করে। বৃহস্পতিবার রাজ্যের দুর্গাপুরে এক চা চক্র অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন।

গত বছরের নভেম্বরে গরুর দুধে সোনা পাওয়া যায় বলে মন্তব্য করে ভারতজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির এই সভাপতি। যা নিয়ে দেশটিতে ব্যাপক বিতর্ক ও হাসিঠাট্টা শুরু হয়। আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি।