পানির নিচে ফেরিঘাটের গ্যাংওয়ে, যানবাহনসহ ভোগান্তির শিকার যাত্রীরা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
অমাবশ্যার জো-আরে পায়রা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুমকির লেবুখালী ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কের লেবুখালী ফেরী পারাপার বিঘ্নিত হচ্ছে। দুর্ভোগের শিকার হচ্ছে পারাপারে আটকে পড়া যানবাহনের দূর-দুরান্তের যাত্রী সাধারণ ও প্রত্যন্ত এলাকার শত শত পানিবন্দি পরিবারের মানুষগুলো।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে লেবুখালী ফেরীঘাটে গিয়ে এমন চিত্র দেখা যায় জোয়ারের সময় ঘাটের পন্টুনসহ আশপাশ ডুবে যায়। ৫-৬ ফুট পানি থাকায় কোন যানবাহন ফেরিতে উঠতে পারছে না। ফলে জোয়ারের সময় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কের যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হয়েছে। দূর পাল্লার পরিবহন কোন মতে সাতরে পারাপার হলেও ছোট খাটো যানবাহন ফেরীতে ওঠতে না পারায় ৩/৪ঘন্টা আটকে থাকতে হচ্ছে। এতে অবর্ননীয় ভোগান্তির শিকার হয়েছে ওইসব আভ্যন্তরীণ রুটের যানবাহন গুলোর যাত্রী সাধারণ।

পারাপারের অপেক্ষায় বসে থাকা এক যাত্রী বলেন, সকাল থেকে বসে আছি ঘাটে কিন্তু পানির জন্য ফেরীতে উঠতে পারছিনা।

বাস চালক মামুন জানান, জোয়ার হলে আমাদের প্রায় ৩/৪ ঘন্টা অপেক্ষা করতে হয়। এদিকে দিনভর টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে জনজীবনও বিপর্যস্থ হয়ে পড়েছে।