লেবাননে ফের লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক।।
লেবাননে নতুন করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ফের আংশিক লকডাউন ও রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। রাজধানী বৈরুতে চলতি মাসে ভয়াবহ বিস্ফোরণের কারণে হাসপাতালগুলো এমনিতেই বাড়তি রোগীর চাপ মোকাবিলায় হিমশিম খাচ্ছে। তার ওপর করোনা রোগী সামলাতে গিয়ে তাদের আরো বেগ পেতে হচ্ছে। এ কারণে নতুন এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিয়ে বলেছেন, শুক্রবার (২১ আগস্ট) থেকে এটি কার্যকর হবে এবং আগামী দুই সপ্তাহ পর্যন্ত তা বলবৎ থাকবে। তবে নতুন এ বিধি-নিষেধ দেশটিতে ভয়াবহ বিস্ফোরণের কারণে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। গত ৪ আগস্টের ঐ বিস্ফোরণে কমপক্ষে ১৮০ জন লোক নিহত হয়।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সব মার্কেট, জিমনেশিয়াম, পুল এবং প্রাইভেট ব্যবসা প্রতিষ্ঠান লকডাউনের সময় বন্ধ থাকবে। এ সময়ে সব ধরনের সামাজিক সমাবেশও নিষিদ্ধ করা হয়েছে। কারফিউ সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। তবে জরুরি মেডিক্যালসেবা ও খাবার সরববরাহ কাজে নিযুক্ত কর্মীরা এর আওতামুক্ত থাকবেন।

এছাড়া সেনাবাহিনী, কূটনীতিক ও সাংবাদিকরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। লেবাননে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বর্তমানে বেড়েই চলেছে। তবে বিস্ফোরণের ঘটনার পর হাসপাতালগুলো নতুন রোগীদের আর ঠিকমতো সেবা দিতে পারছে না। আর এ কারণেই যাতে বাড়তি রোগীদের চাপ মোকাবিলা করতে না হয় সেজন্য নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

গত বৃহস্পতিবার এক দিনে নতুন করে আক্রান্ত হয়েছে ৬০৫ জন যা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছে ১১৩ জন। সূত্র-আলজাজিরা।