চাঁদপুরের মতলব উত্তরে আখের বাম্পার ফলন, কৃষকদের মুখে হাসি

মো. নাঈম মিয়াজী, মতলব উত্তর (চাঁদপুর)।।
চাঁদপুরের মতলব উত্তরে এবার আখের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পাওয়ায় কৃষকদের মুখেও হাসি ফুটেছে। মতলব উত্তর উপজেলায় সবচেয়ে বেশি আখ আবাদ হয়েছে। আখের ফলনও ভালো। ইতোমধ্যে শুরু হয়েছে আখ খুচরা ও পাইকারি বিক্রি। আগামি এক মাসের মধ্যে অধিকাংশ জমির আখ বিক্রি হয়ে যাবে। মতলব উত্তর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলার আখ আবাদ হয়েছে ১৯০ হেক্টও জমিতে।

বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে,আখের বাম্পার ফলন হয়েছে। আখ চাষিরা জমিতে কাজ করছেন। কেউ আখ তুলছেন, কেউ আঁটি বাঁধছেন। আবার অন্য শ্রমিক এসব আখ সড়কে নিয়ে স্তুপ করে রাখছেন। মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের দশানী এলাকার বোরহান উদ্দিন সরকার (৪৫) বলেন, তিনি এ বছর ৪০ শতাংশ জমিতে আখের আবাদ করেছেন। খরচ বাদ দিয়ে তার কমপক্ষে ২০ হাজার টাকা লাভ হবে।

হানিরপাড় গ্রামের কৃষক ফজলুল হক (৪৩) বলেন, তারা ১৫ বছর আখের আবাদ করেন। সেচ প্রকল্প হওয়ার কারণে তাদের আখের ফলন খুবই ভালো হয়েছে। এ বছর তাদের জমিতে ২০৮ নম্বর যা ‘চাঁদপুর গ্যান্ডারি’ নামে পরিচিত। এটিই তারা আবাদ করেছেন। চাঁদপুরে গ্যান্ডারি স্থানীয়ভাবে খুচরা এবং পাইকারি দু’ভাবে বিক্রি হচ্ছে। কারণ এ আখ খুব সহজেই চিবিয়ে খাওয়া যায়।

মতলব উত্তর কৃষি অফিসার মো. সালাউদ্দিন বলেন, আবহাওয়া ভালো থাকায় এবার আখের আবাদ খুবই ভালো হয়েছে। আখ লাভজনক হওয়ার কারণে কৃষকদেরও দিন দিন আখ আবাদের প্রতি আগ্রহ বাড়ছে। চাঁদপুর গ্যান্ডারি নামক আখ এখন স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রফতানি হচ্ছে।