মহারাষ্ট্রে ভবন ধসে নিহত ১, আটকা অন্তত ২৫ জন

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের মহারাষ্ট্রে বহুতল ভবন ধসে একজন নিহত হয়েছেন। ভবনটির ধ্বংসস্তূপের নিচে এখন পর্যন্ত ২৫ জন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় রায়গড় জেলায় ভবনটি ধসে পড়ে। খবর এনডিটিভির

মঙ্গলবার সকালে উদ্ধারকারীরা জানিয়েছেন, এখন পর্যন্ত মোট ৬০ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের উদ্ধারকারীরা জানিয়েছেন, ছয়তলা ভবনটি প্রায় ১০ বছরের পুরনো ছিলো। ৪৫ ঘর বাসিন্দা ওই ভবনে বাস করতেন। ভবন ধসে একজন মারা গেছেন। এখনও ২৫ জন মত ভেতরে আটকে আছেন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।

আহতদের ঘটনাস্থল থেকে ৬০ কিলোমিটার দূরে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভবন ধসের ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, উদ্ধারকারী দলের প্রধানের সঙ্গে কথা বলে উদ্ধারকাজ সঠিকভাবে পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি।

গত মাসেও মুম্বাইয়ে টানা বৃষ্টির কারণে একটি বহুতল ভেঙে পড়ে। ওই ঘটনায় ৯ জনের মৃত্যু হয় এবং আহত হন বহু মানুষ।