রোহিঙ্গা সংকট সমাধানে কূটনীতিক প্রচেষ্টা জোরদার করেছে সরকার: কাদের

অনলাইন ডেস্ক।।
রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনীতিক প্রচেষ্টা জোরদার করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কুমিল্লা জোনের বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান কাদের।

গণপরিবহনের ভাড়ার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, জনস্বার্থে এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনের পুরনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তা ভাবনা করছে। পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলকসহ দাঁড়িয়ে কোনভাবেই যাত্রী নেওয়া যাবে না। যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে।

মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করার পর এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং কেবিনেট সচিবের সঙ্গে কথা বলে শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

কাদের আশাবাদ ব্যক্ত করে বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্তও আসতে পারে।

তিনি বলেন, দেশে করোনার সংক্রমণ একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে, প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা একটি ট্রেন্ড ধরে চলছে, বাড়ছেও না, কমছেও না। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো, তবে তা নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই।

অধিকাংশ মানুষ মাস্ক পরিধান করেছে না, এধরনের অবহেলা ভয়ংকর ঝুঁকি বাড়াতে পারে। তাই নিজের এবং সবার স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বাধ্যতামূলক মাস্ক পরিধান করে বাইরে বেরুতে হবে-যোগ করেন তিনি।