হাতকড়ার ব্যবহার দেখাতে গিয়ে নিজেই ‘বন্দী’!

আন্তর্জাতিক ডেস্ক।।
গ্রেপ্তারের পর অপরাধীর হাতে পুলিশের হাতকড়া পরানোর দৃশ্য অতি পরিচিত। তবে সেই হাতকড়ার ব্যবহার দেখাতে গিয়ে পুলিশ যদি নিজেই ‌’বন্দী’ হন তাহলে কেমন হবে? সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ব্রিটেনের নর্দাম্পটনশায়ারে।

জানা গেছে, নর্দাম্পটনশায়ারে স্কট রেনউইক নামের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নতুন সহকর্মীদের হাতকড়া ব্যবহারের পদ্ধতি দেখাচ্ছিলেন। কিন্তু ওই হাতকড়ায় সমস্যা থাকায় বিপাকে পড়েন স্কট। তার হাতেই আটকে যায় হাতকড়াটি। চাবি দিয়েও চেষ্টা করেও সেটি খোলা সম্ভব হচ্ছিল না। শেষপর্যন্ত হাতকড়াটি খুলতে সাহায্য নেওয়া হয় দমকল বাহিনীর। যন্ত্রের সাহায্যে কাটা হয় ওই হাতকড়াটি।

পরে টুইট করে নিজেই গোটা বিষয়টি জানান স্কট। টুইটারে তিনি লেখেন, ‘দিনের শুরুটা মোটেই ভাল হয়নি। নর্দাম্পটনশায়ারের দমকল বিভাগকে অনেক ধন্যবাদ। তারা এই খারাপ হয়ে যাওয়া হাতকড়াটি থেকে আমাকে মুক্তি দিয়েছে’। সঙ্গে তিনি ভাঙা সেই হাতকড়াটির ছবিও পোস্ট করেন।পরে গোটা বিষয়টি নিয়ে হাসির রোল ওঠে নেট দুনিয়ায়। সূত্র-ইন্ডিয়া টুডে।