সংকটে সিদ্ধান্ত গ্রহণে শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই: কাদের

অনলাইন ডেস্ক।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংকট ও দুর্যোগে দূরদর্শিতার সঙ্গে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বিএসএমএমইউ শাখা আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে এখন প্রায় ৯০টির বেশি সেন্টারে কোভিড টেস্ট হচ্ছে। যার ফলে ইতিমধ্যে নমুনা পরীক্ষায় সক্ষমতা অর্জিত হয়েছে। করোনার সংক্রমণ বর্তমানে ঊর্ধ্বমুখী না থাকলেও নিম্নমুখী বলা যাচ্ছে না। তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে কোনোভাবেই শৈথিল্য না দেখিয়ে আরও সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার সেবাবান্ধব সরকার। প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক ছাড়াও জেলা পর্যায়ের হাসপাতালের সেবার সক্ষমতা বাড়ানো হয়েছে। প্রতিটি জেলায় আইসিইউ কমপ্লেক্সে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

সরকার ইতিমধ্যে স্বাস্থ্যখাতসহ অন্যান্য খাতেও অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থান থেকেই এটা স্পষ্ট যে, অনিয়মের চর্চায় দলীয় পরিচয় কখনো রক্ষাকবচ হতে পারে না।’

স্বাচিপ বিএসএমএমইউ শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আবু নাসার রিজভীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, সাধারণ সম্পাদক ডা. এম এ আজিজ প্রমুখ।