ছাত্রলীগ নেতার কব্জি কর্তনকারীদের শাস্তি ও নির্দোষদের নাম প্রত্যাহারের দাবি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতা শুভ শীলের ওপর নৃশংস হামলা করে কুপিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করার প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এ ঘটনায় জড়িত নয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি করেছে উপজেলা আ’লীগ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আ‘লীগ এক সংবাদ সম্মেলন করে এ দাবী জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা আ‘লীগ সভাপতি ও পৌর মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস লিখিত বক্তব্য বলেন, সম্প্রতি ছাত্রলীগ নেতা শুভ শীলের ওপর নৃশংস হামলা করে কুপিয়ে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করা কোন রাজনৈতিক বিষয় নয়। প্রতিপক্ষের সাথে মোবাইল ফোন চুরি ও পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা কোন রাজনৈতিক দলের নয়। তাদের পরিচয় শুধুই সন্ত্রাসী। শুভ শীলের ওপর নৃশংস হামলায় আ‘লীগ মর্মাহত। এ নৃশংস হামলার ঘটনার মামলার বাদি শুভ শীলের পরিবারের কেউ নয়। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান মূর্তজা বাদি হয়ে মামলায় প্রকৃত আসামীদের পাশাপাশি রাজনৈতিক হীনস্বার্থে উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজুসহ এ জাহার নামীয় ১৮ ও অজ্ঞাত ২০ জনসহ ৩৮ জনকে আসামী করা হয়েছে। উদ্দেশ্যমূলক এ মামলায় নিরাপরাধ ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীকে জড়িয়ে উপজেলা আ‘লীগকে নতুন করে সাংগঠনিক ভাবে প্রশ্নবিদ্ধ ও হয়রানী করা হচ্ছে।

তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, শুভ শীলের ওপর সন্ত্রাসী হামলার পর ওই রাতে কতিপয় উচ্ছৃংখল তরুনরা আমার বাস ভবন ও দলীয় কার্যালয়ে হামলা চালায়। এ সময় আমার ব্যবহৃত সরকারি গাড়ী ভাংচুর করে। এ সময় দ্রুত পুলিশ এসে পরিস্তিতি নিয়ন্ত্রন করে।

তিনি আ’লীগের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পৌর শহরসহ উপজেলা ব্যাপী কিশোর গ্যাংয়ের দৌরত্ব্য বেড়ে যাবার কারনে দিন-দিন সহিংসতাসহ বিভিন্ন অপকর্ম বৃদ্ধি পাচ্ছে বলে গভীর ক্ষোভ প্রকাশ করে। তাদেরকে রোধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর আ‘লীগ সভাপতি আলতাফ হোসেন আফজাল, উপজেলা আ’লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফারুক উজ জামান, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত, হারুণ অর রশিদ, উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেলসহ দলীয় নেতা কর্মীরা।