ম্যাকেঞ্জির দেখানো পথেই হাঁটছেন আফিফ

স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব ছাড়লেও শিষ্যদের মন থেকে পুরোপুরি মুছে যাননি নিল ম্যাকেঞ্জি। তার পরামর্শ মেনেই কাজ করছেন অনেকে। এই যেমন আফিফ হোসেন। আগস্টের শুরুতে দ্বিতীয় ধাপের ব্যক্তিগত অনুশীলনে যোগ দিয়েছেন। শুরুতে ফিটনেস ট্রেনিং করলেও সদ্য সাবেক হওয়া কোচ ম্যাকেঞ্জির পরামর্শ অনুসরণ করেই এখন নিয়মিত ব্যাটিং অনুশীলন করছেন।

লকডাউনের সময়ে ম্যাকেঞ্জির সঙ্গে অনলাইনে কথা হতো এই অলরাউন্ডারের। আলোচনা করতেন, কীভাবে নিজের ব্যাটিংয়ের উন্নতি করা যায়। তখন শিষ্যকে কিছু কৌশলও বলে দিয়েছেন প্রোটিয়াদের সাবেক এই ব্যাটসম্যান। এখন ম্যাকেঞ্জি না থাকলেও ব্যাটিং অনুশীলনে কোচেরই দিক নির্দেশনা অনুসরণ করছেন আফিফ। বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘লকডাউনের সময়টাতে আসলে ব্যাটিং নিয়ে চিন্তা করার অনেক সময় পেয়েছি। সেসময় আমাদের সাবেক ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির সঙ্গে অনলাইনে আলোচনা করেছি। তার পর ব্যাটিংয়ের কিছু কৌশল নিয়ে কাজ করেছি। এখন একক অনুশীলনে সেগুলোই করার চেষ্টা করছি। এই কৌশলগুলো ঝালাই করে নিতে পারলে, আশা করি ব্যাট হাতে আরও ভালো পারফর্ম করতে পারবো।’

লকডাউনের সময় বিসিবির কোচিং স্টাফ এবং ট্রেনারদের দেওয়া সূচি মেনেই চলেছেন আফিফ। এছাড়া অনলাইনের প্রতিটি সভাতেও যোগ দিয়েছেন। যা তাকে মানসিকভাবে চাঙা রেখেছিল, ‘লকডাউনের সময় কোচিং স্টাফ, ট্রেনাররা যেসব সূচি দিয়েছে, তা বাসায় করার চেষ্টা করেছি। এ ছাড়া অনলাইনে যেসব সভা হয়েছে, সেগুলোও মানসিকভাবে চাঙা রাখতে সাহায্য করেছে। এখন মিরপুর এসে অনুশীলন করতে পেরে ভালো লাগছে। নিজের যেসব সেশন দরকার, সেগুলোই করছি। আশা করি, এই অনুশীলন সামনে ভালো কাজে দিবে।

সংক্ষিপ্ত ফরম্যাট দিয়েই দুই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আফিফের। এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে ১২ টি-টোয়েন্টি এবং ১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। দীর্ঘসময় পর মাঠে ফিরতে পেরে তাই খুব স্বস্তি বোধ করছেন তিনি, ‘লম্বা সময় ধরে সকল খেলা বন্ধ ছিল। খেলোয়াড় হিসেবে অবশ্যই কঠিন সময় কেটেছে। তবে আবার খেলা শুরু হচ্ছে, যেটা অবশ্যই ভালো দিক। সামনের খেলাগুলোতে যেন ভালো করতে পারি, সে অনুযায়ী অনুশীলন করছি।’