শিশুর শারীরিক গঠন ও মেধা বিকাশে করণীয় (শেষ পর্ব)

জাকিরুল আহসান ও সাইফউদ্দিন মিলন।।
আপনি মা। সদ্য জন্ম নেয়া শিশুটি আপনার আদরের সন্তান। সব মা-বাবাই চায় তার সন্তান বেড়ে উঠুক আদর্শ মানুষ হয়ে। এজন্য আপনি শিশুর যত্নে আশপাশের মানুষের পরামর্শ নিচ্ছেন। সবার কাছ থেকে পাচ্ছেন পরস্পর বিরোধী পরামর্শ। যা আপনার জন্য হতে পারে বিভ্রান্তিকর। তাই আপনার আদরের সন্তানের শরীরিক গঠন ও মেধা বিকাশে করণীয় নিয়ে রূপালী বার্তার এই বিশেষ আয়োজন। আমাদের সঙ্গে শিশুর পরিচর্যা নিয়ে কথা বলেছেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শিশু বিভাগ) এর সাবেক সহকারী অধ্যাপক ডাঃ মো: আলী হাসান

রূপালী বার্তা: সুস্থ বাচ্চা জন্ম নেয়ার পরের পরিচর্যা সম্পর্কে বলুন।
ডাঃ মো: আলী হাসান: শুরুতেই বলছিলাম শারীরিক ও মানসিকভাবে শিশুর বেড়ে ওঠা। মা কিভাবে কেয়ার নিচ্ছে, কিভাবে খাওয়াচ্ছে, কিভাবে আচরণ করছে, কিভাবে কথা বলছে। এর ওপর নির্ভর করে কিন্তু বাচ্চা শিক্ষা পাচ্ছে। আরেকটু বড় হলে ফ্যামিলি মেম্বাররা কিভাবে বাচ্চার সঙ্গে সাপোর্ট দিচ্ছে। যেমন বাংলা ভাষা শুনতে শুনতে শিশু বাংলা শিখছে, এই যে শুনতে শুনতে শেখার বয়সটা- এসময় তার সঙ্গে আচরণ, কথাবার্তা, মা এবং ফ্যামিলির অন্য মেম্বারদের সঠিক সাপোর্ট দিতে হবে।

রূপালী বার্তা: বাচ্চার বেড়ে ওঠার সময় কীভাবে কেয়ার নেয়া উচিত।
ডাঃ মো: আলী হাসান: শিশুর কিছুটা ডেভেলপমেন্ট হওয়া, অর্থাৎ শারীরিকভাবে কিছু কাজ করতে পারা। ৩ মাস বয়সে হাতটা সোজা করতে পারা, ৬ মাসে বসতে পারা, ৯ মাসে হামাগুড়ি, ১০ মাসে কিছু সাপোর্ট পেলে দাঁড়াতে পারবে। এর সাথে আরো বৃদ্ধি হলে সে কিছু ধরতে পারবে। ১০ মাস বয়সে সে উল্টাতে পারবে বইয়ের পাতা তবে ৩/৪ টা একসাথে। কিন্তু ১২ মাস বয়সে একটি পাতা আলাদা করে উল্টাতে পারবে। আর ৬/৭ মাস বয়সে কিছু শব্দ উচ্চারণ করতে পারে। এ বিষয়ে নজর রাখতে হবে, বয়সের সঙ্গে সঙ্গে শিশুর এ গুলোর বিকাশ হচ্ছে কি না।

রূপালী বার্তা: এক বছরের পরে বাচ্চার বেড়ে ওঠা কেমন হবে?
ডাঃ মো: আলী হাসান: ১২/১৩ মাস বয়সে কিছু ছোট ছোট শব্দ বলতে পারে, যেমন মা-বাবা। দুই বছর বয়সে একটি ছোট বাক্য বলতে পারে, যেমন- মাম খাবো, ভাত খাবো, এদিকে আসো। এগুলো নির্ভর করবে তাকে কিভাবে ইনফরমেশন দেয়া হচ্ছে তার ওপর। তার সঙ্গে যদি কেউ কথাই না বলে তাহলে তো সে শিখবে না। অনেক দাদা-দাদী বাচ্চার সঙ্গে কথা বলছে ‘ও’ কিছুই বুঝতেছে না। আমরা হয়তো মনে করি খামাখা কথা বলে লাভ কি! অথচ এই কথা বলা অনেক জরুরী। এভাবে একটু একটু কথা ওর মেমোরীতে যাচ্ছে, সেখান থেকেই সে শিখছে।

রূপালী বার্তা: শিশুর মেধা বিকাশ নিয়ে কিছু বলুন।
ডাঃ মো: আলী হাসান: দুই ভাবে মেধার বিকাশ হয়ে থাকে- একটা হলো জন্মগতভাবেই মেধা নিয়ে আসছে, আরেকটা হলো উপযুক্ত পরিবেশে বসবাস করার কারণে মেধার বিকাশ। আবার যদি দেখা যায় ভাষাগত দিক বা কাজের দিক থেকে নিম্ন পর্যায়ের কর্মকাণ্ড দেখেই বড় হচ্ছে তার একটা প্রভাব কিন্তু পড়ে। অর্থাৎ কত ইনফরমেশন সে পাচ্ছে। এরপর পরিবেশের সঙ্গে খাপ খাওয়া। কেউ মিলতে পারে না। আবার কোন কোন শিশু গিয়েই মিলে যায়। এগুলো মা থেকে বাবা থেকে, পরিবার থেকে, স্কুল থেকে আসে। সেখানে অনেক পরিবারের বাচ্চা আসে, সেখান থেকেও শেখে।

রূপালী বার্তা: আমরা একটু শুরুর দিকে যাই, বাচ্চা জন্ম নেয়ার পর দুধ না পেলে করণীয় কি?
ডাঃ মো: আলী হাসান: এটা অনেক সময় মনস্তাত্বিক বিষয় হয়ে দাঁড়ায়। কেউ কেউ চিন্তা করেন, বুকের দুধ তারা খাওয়াবে যারা দুধ কিনতে পারেন না। প্রতিবেশীর শিশুকে কোন কোম্পানীর দুধ খাওয়ালো, তার চেয়ে ভালো কোম্পানীর বা দামের দুধ খাওয়ানোর চিন্তা করে। এ জন্য আমাদের চিকিৎসকদেরও কিছুটা দায় আছে। কারণ আমরা মায়েদের বুঝাতে পারি না। আবার কেউ কেউ কোম্পানীর সুবিধা পেতে আলাদা দুধ খাওয়ানোর সাজেস্ট করেন। এছাড়াও মায়েরা কিছুটা বাইরে থেকে ভুল তথ্য পেয়ে থাকেন। তারা যেমন কোচিৎ সেন্টার বা কিন্ডার গার্টেন এ যখন যার, তখর এক যায়গায় জড়ো হয়ে একজন থেকে আরেকজন মিস ইনফরমেশন পেয়ে থাকেন। মূলত যেসব মা ইচ্ছা করেন বুকের দুধ খাওয়াবেন, তাদের প্রাকৃতিকভাবেই দুধ আসবে। যদি আগেই নেগেটিভ চিন্তা করেন যে, দুধ না আসলে গুড়ো দুধ খাওয়াবো তাহলে তো দুধ আসবে না।

রূপালী বার্তা: একজন মা কিভাবে বুঝবেন বাচ্চা যথেষ্ট দুধ পাচ্ছে?
ডাঃ মো: আলী হাসান: অনেক সময় মা বুঝতেই পারে না বাচ্চা দুধ পাচ্ছে, না পাচ্ছে না। যদি বাচ্চা দিনে ৬/৭ বার প্রস্রাব করে তাহলে বুঝতে হবে দুধ পাচ্ছে। এখন ১৮ বার প্রস্রাব করলেও মা বলছে বাচ্চা দুধ পায় না। চিকিৎসকরা যদি প্রশ্ন করেন, কীভাবে বুঝলেন দুধ পায় না? মায়েরা বলে থাকেন ‘বাচ্চা কান্নাকাটি করে’। বাচ্চা কান্নাকাটি করলেই দুধ পাচ্ছে না এটা মনে করার কারণ নেই। তার তো পেট ব্যাথাও করতে পারে। তবে বাচ্চার খাবার যেহেতু মায়ের কাছ থেকেই আসে, তাই মাকে কিন্তু পর্যাপ্ত খাবার খেতে হবে। যাতে পর্যাপ্ত দুধ পেতে সমস্যা না হয়।

(প্রিয় পাঠক, শিশুর শারীরিক গঠন ও মেধা বিকাশে করণীয় নিয়ে আজ প্রকাশিত হলো শেষ পর্ব, নিউজটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন..রূপালী বার্তার সঙ্গেই থাকুন)