ডাকেট টর্নেডোয় উড়ে গেলো রুট-লিথের ঝড়ো ব্যাটিং

স্পোর্টস ডেস্ক।।
ইটের বদলে পাটকেল- এমনটাই হলো যেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে ভিটালিটি ব্লাস্টে। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে জো রুটের ব্যাটে ঝড় উঠেছিল (৩১ আগস্ট) সোমবার। কিন্তু সেই ঝড়কে নিমিষেই টর্নেডো দিয়ে উড়িয়ে দিলেন বেন ডাকেট। সুরতাং, রুটের ঝড়ও জেতাতে পারেনি ইয়র্কশায়ারকে। ১৯০ রান করেও ৬ উইকেটে হেরে গেছে নটিংহ্যাম্পশায়ারের কাছে।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইয়র্কশায়ারের অধিনায়ক টম কেহলার ক্যাডমোর। ব্যাট করতে নেমে ক্যাডমোর নিজেই আউট হয়ে যান ৬ বলে ৬ রান করে। তবে অন্য ওপেনার অ্যাডাম লিথ ঝড় তোলেন। মাত্র ২৯ বলে তিনি করেন ৫৩ রান। ৭টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ২টি।

তিন নম্বরে ব্যাট করতে নামা জো রুটও ঝড় তুলেছিলেন। ৪৩ বল খেলে তিনি করেন ৬৫ রান। ছক্কার মার না থাকলেও ৯টি বাউন্ডারি মারেন রুট। একদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি রুটকে। তারই জবাব দিলেন যেন তিনি ব্যাট হাতে।

মূলত লিথ আর রুটের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করেই ২০ ওভারে অলআউট হয়ে ইয়র্কশায়র সংগ্রহ করে ১৯০ রান। ২৬ বলে ৩৯ রান করেছিলেন হ্যারি ব্রুক। ৮ বলে ১৬ রান এসেছে উইল ফ্রেইনির ব্যাট থেকে। লুক ফ্লেচার ৪ ওভারে ৪৩ রান দিলেও উইকেট নেন ৫টি। জ্যাক বল ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে নটিংহ্যাম্পশায়ারেরও পেনার ক্রিস ন্যাশ শুরুতেই ঝড় তোলেন। ৩২ বলে তিনি করেন ৫১ রান। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার ছিল ২টি। আরেক ওপেনার অ্যালেক্স হেলস ৪ রানে এবং তিন নম্বরে নামা জো ক্লার্ক ৬ রান করে আউট হয়ে গেলেও চার নম্বরে নামা বেন ডাকেট রীতিমত টর্নেডো বইয়ে দেন ইয়র্কশায়ার বোলারদের ওপর।

৫৩ বলে ৮৬ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বেন ডাকেট। ১০টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ১১ বলে করেন ২১ রান এবং টম মুরস ১৪ বলে ২১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

শেষ পর্যন্ত ১৯.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নটিংহ্যাম্পশায়ার। জর্ডান থম্পসন নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন অ্যাডাম লিথ এবং ম্যাথ্যু ফিশার।