ছেলের জীবন নিয়ে রাজনীতি হতে দেব না: জ্যাকবের বাবা

আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে পুলিশের গুলিতে গুরুতর আহত কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেকের বাবা সিনিয়র ব্লেক অভিযোগ করেছেন, তার পরিবারকে নানা ধরনের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। নিজের ছেলের জীবন নিয়ে কাউকে রাজনীতি করতে দেবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উইসকনসিন সফরের আগে আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন সিনিয়র ব্লেক।

২৩ আগস্ট উইসকিনসনের কেনোসায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে পক্ষাঘাতগ্রস্ত জ্যাকব ব্লেক এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ তাকে পেছন থেকে ৭টি গুলি করেছিল। জ্যাকব আবার হাঁটতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কেনোসায় তুমুল বর্ণবাদবিরোধী বিক্ষোভ শুরু হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলতে থাকে। গত বুধবার থেকে পরিস্থিতি শান্ত হয়ে আসলেও এরমধ্যেই কেনোসা সফরের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। তবে তিনি শুধু পুলিশের সঙ্গেই সাক্ষাৎ করবেন, জ্যাকবের পরিবারের সঙ্গে নয়। অপরদিকে বিক্ষোভকারীরা দাবি করেছেন, ট্রাম্প যেন জ্যাকব ব্লেক ও তার পরিবারের পক্ষে থাকেন।

এ ব্যাপারে সিএনএন-কে সিনিয়র ব্লেক বলেন, ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার চেয়ে তার জীবনের মূল্য অনেক বেশি। তিনি বলেন, ‘আমি রাজনীতিতে জড়াতে চাই না। এটা আমার ছেলের জীবনের প্রশ্ন। কারও সঙ্গে একটি ছবি তোলা না তোলা দিয়ে কিছু যায় আসে না।’

ব্লেক সিনিয়র সিএনএন-কে বলেন, ‘তার ২০ বছর বয়সী ছোট ছেলেও বিষণ্নতায় ভুগছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ‘আমাকে হুমকি-ধামকি দেওয়া হয়েছে আর তার প্রভাব পড়েছে আমার ছেলের ওপর।’

বড় ছেলে জ্যাকব ব্লেক জুনিয়রের প্রসঙ্গে তিনি আক্ষেপ করে বলেন, ‘যে ছেলে কয়েক সপ্তাহ আগেও হেসে-খেলে বেড়িয়েছে, সে ছেলে এখন নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না।’

স্থানীয় কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেনোসা সফর বাতিল কিংবা স্থগিত করার পরামর্শ দিয়েছিলেন। কারণ ট্রাম্প কেনোসার বর্ণবাদবিরোধী বিক্ষোভ নিয়ে এমনভাবে কথা বলেন যে তাতে উত্তেজনা আরও বেড়ে যায়।