বর্তমান চ্যাম্পিয়নদের এ কী হাল!

স্পোর্টস ডেস্ক।।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্টস। কিন্তু চলতি আসরে তাদের খেলায় বোঝার উপায়ই নেই যে গত আসরে শিরোপা জিতেছিল দলটি। একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে নিচের দিকে রয়েছে তারা, আশঙ্কা জেগেছে প্রথম রাউন্ডেই বাদ পড়ার।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের বর্তমান রানারআপ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে পাত্তাই পায়নি জেসন হোল্ডারের বার্বাডোজ। আগের আসরের ফাইনালে হারের প্রতিশোধটি খুব নির্মমভাবেই নিয়েছে গায়ানা। আগে ব্যাট করে বার্বাডোজের ইনিংস থামে মাত্র ৯২ রানে। জবাবে ২০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা।

মাত্র ৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাড়াহুড়োর কিছু ছিল না গায়ানার। যা করার চেষ্টাও করেননি ব্রেন্ডন কিং, নিকলাস পুরানরা। ওপেনার কিংয়ের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস। আগের ম্যাচে ৪৫ বলে অপরাজিত সেঞ্চুরি করে দলকে জেতানো পুরান এদিন অপরাজিত থাকেন ৩৩ বলে ১৮ রান করে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে বার্বাডোজ। নবীন উল হক ও কেভিন সিনক্লেয়ারের বোলিং তোপে ইনিংসের ১২ ওভার শেষে তাদের স্কোরবোর্ডে ছিল মাত্র ২৭ রান, উইকেটও হারিয়ে ফেলে ৬টি।

সেখান থেকে দুই স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার ও রশিদ খানের ব্যাটে মুখ বাঁচানোর মতো স্কোর দাঁড় করায় বার্বাডোজ। স্যান্টনার ২৭ বলে ৩৬ ও রশিদ ১৫ বলে ১৯ রান করেন। বল হাতে নবীন ৪ ওভারে ১৪ রানে ৪ ও সিনক্লেয়ার ৪ ওভারে ১৩ রানে ২ উইকেট শিকার করেন।

এই হারের পর ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ছয় দলের টুর্নামেন্টে পাঁচ নম্বরে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন বার্বাডোজ। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গায়ানার অবস্থান তৃতীয়। দুই দলেরই বাকি দুইটি করে ম্যাচ।