দর্শকহীন স্টেডিয়ামে খেলা কঠিন : কোহলি

স্পোর্টস ডেস্ক।।
মরণঘাতী করোনাভাইরাসের কারণে বন্ধ বিশ্ব ক্রীড়াঙ্গন। তবে মাঠে খেলা ফেরানোর জন্য পরিকল্পনায় মত্ত ক্রিকেট-ফুটবলসহ অন্যান্য বোর্ড বা ফেডারেশনগুলো। এমনকি মাঠে খেলা গড়ালেও তা হবে রুদ্ধদার স্টেডিয়ামে।

ভারত অধিনায়ক বিরাট কোহলি মনে করেন রুদ্ধদার স্টেডিয়ামে খেলতে সমস্যা হবে। দর্শকহীন স্টেডিয়ামে খেলা কঠিন। আর শুন্য মাঠে খেললে খেলার মধ্যে সেই ম্যাজিক্যাল মুহূর্ত আসবে না, যা হাজার হাজার মানুষের সামনে খেলে আসে।

কোহলি বলেন, ‘যা পরিস্থিতি, তাতে দর্শকহীন মাঠেই খেলতে হবে। তবে আমি জানি না সবাই বিষয়টিকে কীভাবে নেবে। কারন আমরা কখনো রুদ্ধদার স্টেডিয়ামে খেলিনি। এমনকি দর্শকরা বাসায় বসে বড় বড় আন্তর্জাতিক ম্যাচ দেখেছে, তাও কখনো হয়নি। মাঠে দর্শকদের সঙ্গে খেলোয়াড়দের যে যোগাযোগটা তৈরি হয় এবং দর্শকরা যেমন খেলার টেনশন নিয়ে থাকে, সেই আবেগটা তৈরি করা কঠিন হবে’।

তিনি আরো বলেন, ‘আমরা নিশ্চিতভাবে বলতে পারি, শুন্য মাঠে খেললে খেলার মধ্যে সেই ম্যাজিক্যাল মুহূর্ত আসবে না, যা হাজার হাজার মানুষের সামনে খেলে আসে’।