শ্বাসকষ্ট সইতে না পেরে বৃদ্ধ’র আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনায় শ্বাসকষ্ট সইতে না পেরে মো. বেল্লাল চৌকিদার (৭০) নামে এক বৃদ্ধ জেলে আত্মহত্যা করেছেন। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরবোরহান ইউনিয়নের দক্ষিণ চরশাহজালালে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুল হাওলাদার জানান, উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরবোরহান ইউনিয়নের দক্ষিণ চরশাহজালালে বৃদ্ধ জেলে মো. বেল্লাল চৌকিদার দীর্ঘদিন প্রায় ১৫ বছর ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। তিনি রোগের চিকিৎসা করাতে গিয়ে নিজের অর্থ সম্পত্তি সব বিক্রি করে সর্বশান্ত হয়েছেন। কিন্তু তাতে কোন লাভ হয়নি। দশমিনা হাসপাতালেও একাধিক বার চিকিৎসা নিয়েছেন। ঘটনার দিন তীব্র শ্বাসকষ্ট সইতে না পেরে সবার অগোচরে ওই বৃদ্ধ ঘরের আড়ার সাথে গামছা লাগিয়ে আত্মহত্যা করেন। পরে ওই দিনই রাত ৯ টার দিকে দশমিনা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

দশমিনার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছালাম মোল্লা আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে।’