মেসি যেখানেই যাবে সেরা হবে: পচেত্তিনো

স্পোর্টস ডেস্ক।।
ম্যানচেস্টারে প্রতিদিন বৃষ্টি হয়। স্টোক সিটির মাঠে আবার শীত বেশি। দমকা বাতাসও আছে। লিভারপুল-ম্যানইউ পাওয়ার ফুটবল খেলে। বেশিরভাগ দলই কড়া রক্ষণ-কড়া ট্যাকলে বিশ্বাসী। লিওনেল মেসি তাই প্রিমিয়ার লিগে সাফল্য পাবেন না। মেসির ম্যানসিটি যাওয়া নিয়ে এমন অনেক মন্তব্য পাওয়া গেছে।

তবে টটেনহ্যামের সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনো মনে করেন, শুধু প্রিমিয়ার লিগ নয়, মেসি যে ক্লাবেই যাবে, সাফল্য পাবে। সেই লিগের সেরা ফুটবলার হবে সে। মেসিকে দলে নেওয়ার দৌড়ে এগিয়ে আছে ম্যানসিটি। পচেত্তিনো মনে করেন, সিটির উচিত মেসিকে নেওয়া। কারণ প্রিমিয়ার লিগে মেসি সাফল্য পাবে।

মেসিকে কেনার জন্য বেশ কিছু দলও চেষ্টা করছে। এ নিয়ে সংবাদ মাধ্যম ওলেকে আজেন্টাইন এই কোচ বলেন, ‘যে কোন কিছুই ঘটতে পারে। মেসি যেখানে খুশি খেলতে পারে। হোক সেটা প্রিমিয়ার লিগ কিংবা স্প্যানিশ। সে ওই লিগের সেরা ফুটবলার হওয়ার জন্য প্রস্তুত।’

এর আগে পচেত্তিনোর বার্সার কোচ হওয়ার কথা শোনা গিয়েছিল। তবে স্প্যানিওলের কোচ থাকাকালীন তিনি বলেছিলেন, ওখানে (বার্সায়) যাওয়ার চেয়ে তার গরুর খামারে যাওয়া গুরুত্বপূর্ণ। পচেত্তিনো এ নিয়ে জানান, তিনি ওটা ভুল করেই বলেছিলেন। তবে শুধু ওই কারণে নয়, আরো অনেক কারণে তার বার্সার কোচ হওয়ার সম্ভাবনা নেই। সেটা অনেকেই জানেন। এবারও তাই বার্সা কোচ হওয়ার কোন প্রস্তাব পাননি তিনি।