ইরানের পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করেছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের পুরোনো একটি পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করেছে জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা। সম্প্রতি সন্দেহভাজন দুটি পুরোনো পারমাণবিক স্থাপনা পরিদর্শনে ওই সংস্থার তদন্তকারীদের অনুমতি দিয়েছে ইরান। গত কয়েক মাস ধরে দু’পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর ইরান তাদের পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দেয়।

জাতিসংঘের ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সির (আইএইএ) সর্বশেষ প্রতিবেদনে ইরানের দু’টি পরমাণু স্থাপনায় এই সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ভিয়েনায় আইএইএ’র প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থার পরিদর্শকরা এর মধ্যেই একটি স্থাপনা পরিদর্শন করেছেন এবং আরেকটি স্থাপনা চলতি মাসেই পরিদর্শন করা হবে বলে তেহরানের সঙ্গে কথা হয়েছে। এর আগে আন্তর্জাতিক এই সংস্থাটি অভিযোগ করেছিল যে, ইরান আইএইএ’কে না জানিয়ে তার দু’টি স্থাপনায় পরমাণু তৎপরতা চালাচ্ছে।

গত সপ্তাহে তেহরান সফরে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান সালেহির সঙ্গে আইএইএ’র প্রধান রাফায়েল গ্রসির বৈঠক হয়। সে সময় ইরান স্বেচ্ছায় তাদের দু’টি পরমাণু স্থাপনা আইএইএ’র পরিদর্শকদের জন্য উন্মুক্ত করে দিতে সম্মত হয়। এ সময় গ্রোসির সঙ্গে ইরান যে যৌথ বিবৃতি প্রকাশ করে তা আইএইএ’র গতকালের প্রতিবদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনো ৪.৫ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে যাচ্ছে; যদিও পরমাণু সমঝোতায় দেশটি সর্বোচ্চ ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই সঙ্গে প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরানে বর্তমানে ১০৫ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে যা পরমাণু সমঝোতায় বর্ণিত পরিমাণের ১০ গুণ।

পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং এতে দেয়া নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে ইউরোপের ব্যর্থতার জের ধরে গত বছর ইরান ধাপে ধাপে এই সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি হ্রাস করে এবং এক পর্যায়ে তেহরান ঘোষণা দেয় যে, সব প্রতিশ্রুতি আপাতত স্থগিত রাখতে বাধ্য হচ্ছে ইরান।

এদিকে, আইএইএ’র সাম্প্রতিক প্রতিবেদনে ইরানের সঙ্গে ওই সংস্থার গঠনমূলক সহযোগিতার আভাস পাওয়া গেছে বলে মন্তব্য করেছে তেহরান। আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি শুক্রবার রাতে ভিয়েনা সফরে এমন মন্তব্য করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গারিবাবাদি বলেন, গত তিন মাসে ইরানের সঙ্গে আইএইএ’র সহযোগিতার যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এতে ইরানের পক্ষ থেকে সংস্থাটিকে সহযোগিতা করার যে কথা বলা হয়েছে তা আইএইএ’র সকল সদস্য দেশ ও নির্বাহী পরিষদ স্বাগত জানাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।