বরিশালে ১০ ইউএনওর নিরাপত্তায় আনসার মোতায়েন

রূপালী ডেস্ক।।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে নির্মমভাবে কুপিয়ে আহত করার পর বরিশাল জেলার ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাদের প্রত্যেকের সরকারি বাসভবনে মোতায়েন করা হয়েছে চারজন করে আনসার সদস্য।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরের নির্দেশে গত বৃহস্পতিবার জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. আমমার হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে তাদের নিয়োগের কথা জানানো হয়।

তবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত শুধু জেলার বাকেরগঞ্জ ও উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে আনসার মোতায়েন করা হয়েছে। অন্য উপজেলায়ও দ্রুত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাসভবনে আনসার মোতায়েন করা হচ্ছে।

এ বিষয়ে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. আমমার হোসেন জানান, জেলা প্রশাসন হয়তো ভুল বলছে। ইতোমধ্যে (শনিবার দুপুর) জেলার ১০ উপজেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে চারজন করে আনসার মোতায়েন করা হয়েছে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে জানান তিনি।