বেতাগীতে আ. লীগ নেতার ভাইয়ের কান্ড: মসজিদের জমি দখল করে দালান নির্মাণ

শফিকুল ইসলাম ইরান, বেতাগী (বরগুনা)।।
বরগুনার বেতাগীতে এক আওয়ামী লীগ নেতার ভাই ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে নিয়েছে উপজেলার বদনীখালি বাজারের জামে মসজিদের সামনের ছয় শতাংশ জমি (যার খতিয়ান নং-১ দাগ নং-২৮)। এই জমিতেই তৈরী করেছেন পাকা দালান। তবে এলাকাবাসীর দাবী ঐ নেতার ভাইয়ের দখল করা জমিতেই তৈরী হওয়ার কথা ছিল বাজারের ঈদগাহ এর মাঠ।

উপজেলার বুড়ামজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলতাফ হাওলাদার তারই ভাই মো. সুলতান হাওলাদার এই জমি দখল করছেন বলে জানা গেছে। তারা দুইভাই উপজেলার বদনীখালি গ্রামের মৃত আকরাম উদ্দিন হাওলাদারের ছেলে।

নাম না প্রকাশের শর্তে একাধিক বাসিন্দা বলেন, বদনীখালি বাজারের একাধিক খন্ড সরকারি জমি এই আওয়ামী লীগের নেতা আলতাফ হাওলাদার অবৈধভাবে দখল করেছেন এবং বিক্রিও করেছেন। আরো বলেন, বাজারে সরকারিভাবে ডিসিআর না দেওয়ার কারনে এই নেতা বেশ কয়েকটি খন্ডের জমি নিজের মতো করে দালান করে দখলে নিয়েছে।

১৯৬৯ সালে বদনীখালি বাজারে তৈরী হয় এই জামে মসজিদটি তারপর থেকে বাজারের জমিতেই মসজিদটি ছিলো। তত্বাবদায়ক সরকারের আমলে বাজার ভাঙ্গার পর এই মসজিদটি সরিয়ে বাজারের দক্ষিণ পাশে সরিয়ে নেওয়া হয়। কিন্তু বনে মসজিদটির সামনের জমি দখল করে তৈরী করা হচ্ছে পাকা দালান, চারপাশে টিনের মজবুত আস্তরন দিয়ে মধ্যে বসে তৈরী হচ্ছে এই পাকা দালান।

২০১৮ সালের প্রথম দিকে সদ্য বিদায়ী বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা একইসাথে দায়িত্বপ্রাপ্ত সহকারি কমিশনার ভূমি মো. রাজীব আহসান উক্ত জমিতে মামলা দায়ের করেন তারপরও বন্ধ হয়নি এ অবৈধ দখল। তবে জমি দখলদার সুলতান হাওলাদার বলছেন বরগুনা জেলা প্রশাসক ও স্থানীয় সাংসদ তাকে এই ঘর উঠাতে ব্যবস্থা করে দিয়েছে। উল্লেখ্য প্রমানাদি দেখাতে বললে তিনি রাজি হননি।

বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পদাধিকার বলে উক্ত বাজার কমিটির সভাপতি সৈয়দ গোলাম রব শুক্কুড় মীর বলেন, এই আওয়ামী লীগ নেতাসহ তাদের ভাইদের কাছে পুরো এলাকাবাসী জিম্মি। বাজারের বেশ কয়েকটি প্লট জমি তারা দখল করে বিক্রিও করেছে। বর্তমানে তাদের মসজিদের সামনের ছয় শতাংশ জমি দখল করার কারনে ঈদগাহ মাঠের স্কিমও দিতে পারিনি।

বেতাগী নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, যারা সরকারী জমি দখল করবে তাদের কাউকেই ছার দেয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।