ইংল্যান্ডের জয়ের নায়ক খেলতে পারবেন না শেষ টি-টোয়েন্টিতে

স্পোর্টস ডেস্ক।।
অস্ট্রেলিয়ার ১৫৭ রানের পুঁজিটা একেবারে হেসেখেলে উড়িয়ে দেয়ার মতো ছিল না। কিন্তু জস বাটলার যেমন খেললেন, তাতে পাত্তাই পেল না সফরকারিরা। উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের ৫৪ বলে হার না মানা ৭৭ রানের ইনিংসে ভর করে রোজ বোলে দ্বিতীয় টি-টোয়েন্টিটি ৬ উইকেট আর ৭ বল হাতে রেখে জিতে নিয়েছে ইংল্যান্ড।

এই জয়ে তিন ম্যাচের সিরিজটিও নিজেদের করে নিয়েছে ইংলিশরা, এক ম্যাচ হাতে রেখেই। তবে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের মিশনে স্বাগতিকরা পাচ্ছে না গত ম্যাচের জয়ের নায়ক জস বাটলারকে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, মঙ্গলবারের ম্যাচে বাটলারের খেলতে না পারার বিষয়টি। পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন ২৯ বছর বয়সী উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

অ্যাগিয়াস বোলে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির পর ম্যানচেস্টারে চলে যাবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে সেখানে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাটলার যেহেতু বায়ো-সিকিউর বাবল থেকে বেরিয়ে ছুটিতে যাচ্ছেন, তাই ওয়ানডে সিরিজের আগে তাকে আরও একবার করোনা পরীক্ষা দিয়েই দলের সঙ্গে যোগ দিতে হবে বলে জানিয়েছে ইসিবি।