ভান্ডারিয়ায় বিজিবি সদস্যকে কুপিয়ে জখম

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক বিজিবি সদস্যকে কুপিয়ে জখমের পর তার বসতঘরসহ পরিবারের অন্য সদস্যের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত বিজিবি সদস্য মোঃ বাবুল হাওলাদারসহ ৩ জন ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

গত ১৭ আগষ্ট বিজিবি সদস্য কর্মস্থল থেকে ছুটিতে বাড়ীতে আসেন। বিজিবি সদস্য মোঃ বাবুল হাওলাদার উপজেলার নদমূলা গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছোট ছেলে ও বর্তমানে ময়মনসিং ব্যাট্যালিয়ন ৩৯ বিজিবিতে কর্মরত আছে।

আহত হাসিনা বেগমের অভিযোগ, গত রবিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার নদমূলা গ্রামের রুহুল আমিন হাওলাদার (৫৯) ও তার বখাটে ছেলে ইমরান হোসেন (২৩), রাসেল(২৯), রিসান (১৮) ও স্ত্রী হেনা বেগম (৪০) দেশিও দাও, লোহার রড ও লাঠিসোঠা নিয়ে একই গ্রামের বিজিবি সদস্য বাবুল হাওলাদারের বসতঘরে হামলা চালায়। এ সময় বাধাঁ দিতে এলে বিজিবি সদস্য বাবুল হাওলাদারের দুই হাত (৫৬) কুপিয়ে ও তাকে পিটিয়ে আহত করা হয় । বাবাকে বাচাঁতে এগিয়ে এলে কন্যা ইতি আক্তার (১৬) ও ছেলে শফিক রেজা (২৭) ও স্ত্রী হাসিনা বেগম (৪৫) কে লোহার রড দিয়ে এলোপাথারি ভাবে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা।

তিনি আরো বলেন, সন্ত্রাসীরা যাওয়ার সময় তার গলায় থাকা স্বর্নের চেইন কেড়ে নিয়ে তার কাপড় টেনে ছিড়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় তারা বাড়ী যেতে পাড়ছে না বলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিজিবির পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত হেনা বেগম বলেন, তাদের সাথে আমাদের শুধু দস্তাদস্তি হয়েছে, তাদেরও দোষ আছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।