বরিশালে ভাঙাচোরা রাস্তাঘাট ও খাল-ড্রেন সংস্কারের দাবি

অনলাইন ডেস্ক।।
ভাঙাচোরা রাস্তাঘাট এবং খাল-ড্রেন সংস্কারের দাবি ও রিকশা-হকার উচ্ছেদের ষড়যন্ত্রের বিরুদ্ধে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগরের ফকিরবাগি রোডস্থ বাসদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী বলেন, বরিশালের রাস্তাঘাটের বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে জনগণের অসহনীয় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গতবছর নভেম্বর মাস ধরে আমরা বরিশালের রাস্তাঘাট, খাল-ড্রেন সংস্কারের দাবিতে দাবিপক্ষ পালন করেছিলাম। তারপর সিটি করপোরেশনের পক্ষ থেকে শহরের ২/১টি প্রধান সড়ক সংস্কার করা হলেও বর্তমানে বরিশালের ৫৮ কিলোমিটার রাস্তার ৯০ শতাংশ রাস্তাই চলাচলের অনুপযোগী। খানা-খন্দে পরিপূর্ণ রাস্তা দিয়ে চলতে গিয়ে জনগণের নাভিশ্বাস উঠে যাচ্ছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় রাস্তাগুলি পরিণত হচ্ছে নদীতে, পানিবন্দী হয়ে মানুষ অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছে।

তিনি বলেন, নগরের ২২টি খালের অধিকাংশই মৃত এবং তা পুনরুদ্ধারে গত ২ বছরে বরিশাল কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়া হয়নি। যার ফলে সাম্প্রতিক সময়ে জোয়ারের পানি বেড়ে নগরের প্রধান সড়ক সদর রোডকেও প্লাবিত করেছে, যা বরিশালে অভূতপূর্ব ঘটনা। বরিশালবাসীকে যারা আগামীর বরিশালের উন্নয়নের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় গিয়েছেন, সেই উন্নয়ন এর ধাক্কা বরিশালবাসী ভাঙাচোরা রাস্তায় চলতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছে। বরিশাল সিটি করপোরেশনে হোল্ডিং ট্যাক্স নির্ধারণের হার অত্যন্ত উচ্চ, কিন্তু নাগরিক অধিকার এর নিশ্চয়তা দেবার বেলায় তৎপরতা প্রায় অদৃশ্য।

এসময় তিনি ৩ দফা দাবিতে সমাবেশ ও মেয়র বরাবর স্মারকলিপি পেশসহ বাসদের কর্মসূচি ঘোষণা করেন। দাবিগুলো হলো, অবিলম্বে বরিশালে চলাচলের অযোগ্য সকল ভাঙাচোরা রাস্তাঘাট-খাল-ড্রেন ও খাল সংস্কার করা, রিক্সা-ইজিবাইক ও হকার উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ করা, করোনা মহামারি পরিস্থিতিতে বকেয়া ফি মওকুফ করে রিক্সাশ্রমিকদের লাইসেন্স নবায়নের সুযোগ দেওয়া।

সংবাদ সম্মেলনে বাসদ বরিশাল জেলা কমিটির আহবায়ক ইমরান হাবিব রুমন, বরিশাল রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (২৩২৪) এর সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ভ্যান শ্রমিক ফ্রন্টের সভাপতি মো. রফিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।